১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ১:৫২
মধ্যরাতে এয়ারপোর্ট ফেরত প্রবাসীদের টার্গেট করে ডাকাতি করতো তারা
খবরটি শেয়ার করুন:
94

মুন্সিগঞ্জ, ২৬ জুন ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মধ্যরাতে এয়ারপোর্ট ফেরত প্রবাসীদের টার্গেট করে ডাকাতির ঘটনায় ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় উদ্ধার হয়েছে ভুক্তভোগী প্রবাসীর আইফোনসহ দুইটি মোবাইল ফোন ও একটি স্বর্ণের চেইন৷ এছাড়া ডাকাতি কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুইটি হেলমেট, একটি চাকু, চাপাতি ও ছোরা উদ্ধার হয়েছে।

আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জের দক্ষিণ কাচপুর এলাকার শরীফ সরকার (২৬), মুন্সিগঞ্জের গজারিয়া এলাকার সাজেদ আলম (২১) ও মো. রানা (২৬)। এ ঘটনায় জড়িত অপর দুইজন ভিন্ন মামলায় বর্তমানে জেলহাজতে ও সুজন (২২) নামে একজন পলাতক রয়েছেন।

বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এসব তথ্য জানান মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ বদিউজ্জামান।

তিনি বলেন, ‘কক্সবাজার এলাকার বাসিন্দা দুবাই ফেরত প্রবাসী মো. ওসমান গেল বছরের ৮ ডিসেম্বর রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন। মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় পৌঁছালে ডাকাতদের টার্গেটে পড়েন তিনি। রাত ৩ টার দিকে গাড়িটি মেঘনা সেতুর উপর আসতেই ৬ ডাকাত দুইটি মোটরসাইকেলে করে ব্যরিকেড দিয়ে গাড়ির গতিরোধ করেন। পরে তারা ওই প্রবাসী, গাড়ির ড্রাইভার, ও সাথে থাকা আরেক স্বজনের মোবাইল ফোন, নগদ অর্থ, বিদেশে থেকে আনা মালামাল ভর্তি লাগেজ, নতুন আইফোন, স্বর্ণের চেইনসহ বিভিন্ন মালামাল লুটে নেন।’

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘এ ঘটনায় প্রবাসী মো. ওসমানের দায়েরকৃত মামলায় ৩ জনকে গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরণ করলে আদালত আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।’