বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে ‘সেবা গ্রহীতাদের খামখেয়ালীপনা’র কথা জানালেন উদ্যোক্তারা
মুন্সিগঞ্জ, ৬ আগস্ট, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে করোনাকালে সাধারণ মানুষের সুবিধার্থে বিনামুল্যে অক্সিজেন সেবা দিলেও তা নিয়ে সেবা গ্রহীতাদের খামখেয়ালীপনার কথা জানিয়েছেন এই আয়োজনের উদ্যোক্তা নাগরিক সমন্বয় পরিষদের আহবায়ক সুজন হায়দার জনি।
আজ শুক্রবার (৬ আগস্ট) বিকালে সেবা দিতে গিয়ে ক্ষতির কথা তুলে ধরে তিনি তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দেন।
তিনি লেখেন,
‘নাগরিক নিঃশ্বাসের বিনামূল্যে অক্সিজেন সেবা বনাম সেবা গ্রহীতাদের খামখেয়ালীপনা
করোনা মহামারির বির্পযস্ত সময়ে বিগত চার মাস ধরে মুন্সিগঞ্জ বাসীকে বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে “নাগরিক নিঃশ্বাস” খুব প্রয়োজনে মানুষ যখন অনেক টাকা নিয়ে দৌড়ঝাঁপ করেও তার প্রিয়জনের জন্য অক্সিজেনের ব্যবস্থা করতে পারছে না,তখন নাগরিক নিঃশ্বাস বিনামূল্যে অক্সিজেন সেবা আপনার ঘরে পৌঁছে দিচ্ছে। সে কারনেই কি এতো খামখেয়ালীপনা???
আমাদের নাগরিক নিঃশ্বাসের ৫০ অক্সিজেন ফ্লো-মিটারের মধ্যে ৪০টির অধিক ফ্লো-মিটার নষ্ট করে ফেরত দিয়েছেন সেবা গ্রহীতারা।
সেবা গ্রহীতারা সেবা গ্রহণের সময় এই ফ্লো-মিটারগুলো অদক্ষভাবে অযত্ন,অবহেলার সাথে ব্যবহার করেছেন। এতে করে ফ্লো-মিটার,ওয়াটার প্যানেল নষ্ট হয়েছে ও উল্টো-পাল্টা প্যাচিয়ে লকগুলো নষ্ট করে তারপর আমাদের ফেরত দিয়েছেন।
ভাই বিনামূল্যে পেয়েছেন বলেই এতো অবহেলা। ২৫ হাজার টাকা দিয়ে একটি সিলিন্ডার যদি ক্রয় করে ব্যবহার করতেন বা পথে,পথে দৌড়েও যদি একটি অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থা না করতে পারতেন প্রিয়জনের জন্য তাহলে নিশ্চয়ই যত্ন করে ব্যবহার করতেন???
নাগরিক নিঃশ্বাস পরিবার আমরা খুব হতাশ আপনাদের আচরণে। আপনাদের অসচেতনতার কারণে আমাদের ইভেন্ট বন্ধ হতে চলেছে।
এক একটি ভালো মানের অক্সিজেন ফ্লো-মিটারের দাম এখন কমপক্ষে ৩০০০ টাকা। নাগরিক নিঃশ্বাস মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদের খামখেয়ালীর কারণে । আপনাদের প্রতি অনুরোধ বিনামূল্যে সেবা গ্রহনের সময় এই সম্পদগুলো নিজের মনে করে যত্ন করে ব্যবহার করুন।’


