নেপালে আন্তর্জাতিক নাট্যোৎসবে মুন্সিগঞ্জের হিরণ কিরণ থিয়েটার
মুন্সিগঞ্জ, ৩ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
নেপালের রাজধানী কাঠমান্ডুতে আজ শুরু হয়েছে ‘৫ম লালাবালা কাঠামান্ডু আন্তর্জাতিক নাট্যোৎসব ২০২৫’। বাংলাদেশের একমাত্র দল হিসেবে সেখানে অংশ নিয়েছে মুন্সিগঞ্জের জনপ্রিয় নাট্যদল হিরণ কিরণ থিয়েটার।
এবারের আয়োজনে বিশ্বের ১২টি দেশ অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
নাট্যকার নির্দেশক ও অভিনেতা জাহাঙ্গীর আলম ঢালীর নেতৃত্বে গত ২ নভেম্বর দেশ ছাড়ে হিরণ কিরণ থিয়েটারের ৮ সদস্যদের একটি দল। দলে রয়েছেন, অভিনয় শিল্পী তাসফিহা আমিন তন্নী, মোহাম্মদ শামীম শেখ, সামসুল হুদা হিটু, মুকুল রানী সাহা, ঐশি, মইদুল ইসলাম।
এই নাট্যোৎসবে হিরণ কিরণ থিয়েটার মঞ্চস্থ করবে ‘মৃত্তিকার ফুল’ (Flower Of The Soil) নাটকটি। এর রচনা ও নির্দেশনায় রয়েছেন নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী। আজ শুরু হতে যাওয়া নাট্যোৎসবটি চলবে ৭ নভেম্বর পর্যন্ত।
এ প্রসঙ্গে হিরণ কিরণ থিয়েটারের প্রতিষ্ঠাতা নাট্যকার ও নির্দেশক জাহাঙ্গীর আলম ঢালী জানান, নিয়মিত দেশ ও দেশের বাইরে নাটক মঞ্চায়নের মাধ্যমে মুন্সিগঞ্জ তথা বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরছে আমাদের সংগঠন। আগামী বছর ফেব্রুয়ারিতে আমরা শ্রীলঙ্কাতে একটি নাট্যোৎসবে অংশগ্রহণ করবো এবং ডিসেম্বরের ১৫ তারিখ কলকাতা আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশগ্রহণ করার কথা রয়েছে।


