নারায়ণগঞ্জের চর সৈয়দপুরে মজুদ করা ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ
মুন্সিগঞ্জ, ১২ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
নারায়ণগঞ্জের চর সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত প্রায় ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ রোববার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একইদিন মধ্যরাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের কাশিপুর সংলগ্ন চর সৈয়দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সন্দেহজনক দুটি দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদকৃত প্রায় ২ লাখ ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের ২ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
জব্দকৃত তেলের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






