নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলা কার্যক্রম পরিদর্শনে এমপি রতন, মান ঠিক রাখার অনুরোধ
মুন্সিগঞ্জ, ১৮ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় নদীভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে চলমান জিও ব্যাগ ফেলা কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২টায় উপজেলার ইমামপুর ইউনিয়নের বড় কালীপুরা এলাকায় তিনি এ কার্যক্রম পরিদর্শন করেন।
জানা যায়, বড় কালীপুরা থেকে তনু সরকারের বাড়ি পর্যন্ত প্রায় ৩০০ মিটার এলাকায় নদীর তীর সংরক্ষণে মোট ৬ হাজার জিও ব্যাগ ফেলার কাজ চলছে। দীর্ঘদিন ধরে নদীভাঙনের ঝুঁকিতে থাকা এলাকাবাসীর জানমাল ও বসতভিটা রক্ষায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পরিদর্শনকালে সংসদ সদস্য কামরুজ্জামান রতন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কাজের অগ্রগতি ও মান নিয়ে আলোচনা করেন এবং দ্রুত ও সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, সহকারী কমিশনার (ভূমি) হামিদা মোস্তফা, উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, নেতাকর্মী ও এলাকাবাসী।
নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপনের কাজ চলাকালে বিপুল সংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।







