দেড় কোটি টাকার বেশি ব্যয়ে মুন্সিগঞ্জ পৌর শিশু পার্কের কাজ শুরু হচ্ছে কাল, শেষ হবে ৪ মাসে
মুন্সিগঞ্জ, ১ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
দীর্ঘ ৩৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাস্তবায়নের মুখ দেখছে মুন্সিগঞ্জ পৌর শিশু পার্ক।
আগামীকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টায় মুন্সিগঞ্জ পৌরসভার প্রাণকেন্দ্রে জেলা প্রশাসক কার্যালয়ের বিপরীতে এই পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো: কামরুজ্জামান রতন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্কের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করবেন।
মুন্সিগঞ্জ পৌরসভার প্রশাসক জনাব মৌসুমী মাহবুবের বিশেষ উদ্যোগে ১ কোটি ৫৮ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে এই আধুনিক পার্কটি নির্মিত হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
জানা যায়, ১৯৯৩ সালে পার্কের জন্য জমি কেনা হলেও দীর্ঘ তিন দশকেও তা আলোর মুখ দেখেনি। অবশেষে ২০২৫ সালের শেষ দিকে বর্তমান জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের ঐকান্তিক প্রচেষ্টায় পার্কের নকশা ও পরিকল্পনা চূড়ান্ত করা হয়। সরকারি ক্রয় বিধি (PPR-2025) অনুসরণ করে চলতি বছরের মার্চ মাসে ঠিকাদার প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করা হয়েছে।
পেশাদার স্থাপত্য প্রতিষ্ঠান ‘প্রফেশনাল অ্যাসোসিয়েটস লিমিটেড’-এর নকশায় ১ দশমিক ৩৬ একর জমির ওপর নির্মিত এই পার্কে থাকছে আধুনিক সব সুযোগ-সুবিধা।
যার মধ্যে অন্যতম হলো— ফুটবল খেলার জন্য ফুটসাল গ্রাউন্ড, ব্যাডমিন্টন কোর্ট, ক্রিকেট নেট প্র্যাকটিস পিচ এবং ৭৫ ফুট উচ্চতার বিশালাকার ফেয়ারি হুইলস।
এছাড়া শিশুদের জন্য ট্রামপোলিন, জঙ্গল জিম, মাল্টি-অ্যাক্টিভিটি প্লে স্টেশনসহ দোলনা, স্লাইডিং ও সী-স এর মতো জনপ্রিয় রাইডগুলো থাকবে।
নাগরিকদের বিনোদনের পাশাপাশি পার্কে সুপরিকল্পিত ওয়াকওয়ে, সবুজায়ন, আধুনিক ফুড কোর্ট, ইনডোর গেমস জোন এবং পর্যাপ্ত নিরাপত্তার জন্য আধুনিক লাইটিং ও সুদৃশ্য প্রবেশদ্বার রাখা হয়েছে।
আগামী জুলাই ২০২৬ সালের মধ্যে পার্কটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। পার্কটি চালু হলে মুন্সিগঞ্জ পৌর এলাকার প্রায় ৪০ হাজার শিশু-কিশোর একটি মানসম্মত ও সুস্থ বিনোদনের স্থায়ী ঠিকানা পাবে।


