ঢাকায় মানববন্ধনের প্রতিবাদে মুন্সিগঞ্জে আ.লীগের সংবাদ সম্মেলন
১৯৬

মুন্সিগঞ্জ ৮ নভেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান, মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহিন ও মুন্সিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান আনিছুজ্জামান আনিছ এর বিরুদ্ধে অবৈধ অর্থ লেনদেন ও বিভিন্ন অভিযোগ তুলে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘মানববন্ধন’ ও তার সূত্র ধরে প্রকাশিত সংবাদকে অপ-প্রচার আখ্যা দিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন করেছে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগ।

শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১১টায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. সোহানা মহিউদ্দিন বলেন, ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে তথাকথিত কিছু লোক মানববন্ধন করে জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন সহ নেতাদের বিরুদ্ধে কোটি টাকায় আওয়ামী লীগের পদ বিক্রির কথিত অভিযোগ তুলেছে যা সম্পূর্ন রুপে মিথ্যা ও বানোয়াট। মানববন্ধনে যারা অংশ নিয়েছে তারা মুন্সিগঞ্জের আওয়ামী লীগের কেউ নয়।

এই মানববন্ধনের সংবাদটি বিভিন্ন পত্রিকা ও অনলাইনে সংবাদ আকারে প্রকাশ করে মূলত জেলা আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন করার ষড়যন্ত্র করার পায়তারা করা হয়েছে।

তিনি এসময় দাবি করেন, বিএনপি-জামাতের অনুপ্রবেশকারীদের দলে ঠাই না দেওয়ায় ভাড়া করা লোক দিয়ে মুন্সিগঞ্জ আওয়ামী লীগের বিরুদ্ধে অপ্র-প্রচার ও মানববন্ধন করেছে স্বার্থন্বেষী মহল।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে নিরপেক্ষভাবে কর্মীদের মূল্যায়ন করে জেলা ব্যাপী ওয়ার্ড কমিটি গঠন করা হচ্ছে। কিন্তু জেলার কতিপয় স্বার্থান্বেষী নেতা বিএনপি-জামাত সহ বিভিন্ন দল থেকে অনুপ্রবেশকারীদের দলে ঠাই দিতে মরিয়া হয়ে উঠেছে। তাদের অপচেষ্টার বিরোদ্ধে জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে মনিটরিং কমিটি সক্রিয়ভাবে কাজ করছে । এতে স্বার্থান্বেষী মহলের অপতৎপরতা ব্যার্থ হওয়ায় তারা নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

এড.সোহানা তাহমিনা অভিযোগ করে বলেন, মানববন্ধনে অংশ নেওয়া লোকজন জেলার কোন নেতা নয় টোকাইদের ধরে এনে টাকা দিয়ে কথিত এ মানববন্ধন করা হয়েছে। এতে জেলা আওয়ামী লীগ কিংবা কোন ইউনিটের নেতাকর্মী ছিলো না বলে তিনি দাবি করেন।

সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধ করেছি, ছাত্রজীবন থেকে রাজনীতি করে এ পর্যন্ত এসেছি, কখনো কোন কোন অন্যায়ে জড়িত হয়নি। কেউ প্রমান দিতে পারেনি, আমার কাছ থেকে ফায়দা না পাওয়ায় কুচক্রি মহল এই অপতৎপরতা চালিয়েছে। জেলা আওয়ামী লীগ এর তীব্র নিন্দা প্রকাশ করছে।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি শামসুল আলম সবজল, সহ-সভাপতি নূরুল আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পদক এড. আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সালাউদ্দিন আহমেদ, সদর উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক জামিল সিদ্দিক, রামপাল ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম, শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আনোয়র হোসেন প্রমুখ।

উল্লেখ্য, মুন্সিগঞ্জ জেলার তৃণমূল আওয়ামী লীগ নেতৃবৃন্দের ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে গত ৬নভেম্বর জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে কোটি টাকায় পদ পদবি বিক্রি সহ বিভিন্ন অভিযোগ তুলে মানববন্ধন অনুষ্ঠিত হয় । যা দেশের বিভিন্ন অনলাইন ও জাতীয় পত্রিকায় সংবাদ আকারে প্রকাশ হয়। পরবর্তীতে দৈনিক কালের কন্ঠ পত্রিকার অনলাইন ভার্সনের সূত্র ধরে হুবহু তা প্রকাশ করে মুন্সিগঞ্জের সর্বাধিক পঠিত অনলাইন পত্রিকা ‘আমার বিক্রমপুর’। এর প্রতিবাদে আজ এই কর্মসূচি পালন করে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ