ঢাকায় প্রকাশ্যে পিটিয়ে হত্যার প্রতিবাদে মুন্সিগঞ্জে ছাত্রদল নেতার পদত্যাগ
মুন্সিগঞ্জ, ১২ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
ঢাকার মিটফোর্ড এলাকায় পিটিয়ে ও ইট-পাথর দিয়ে মাথা থেঁতলে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মুন্সিগঞ্জে ছাত্রদলের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এক নেতা।
শুক্রবার রাত ১১টার দিকে নিজ ফেসবুক আইডিতে এ সংক্রান্ত পোস্ট করেন শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ মো. আকাশ।
তিনি লেখেন, ‘মিটফোর্ডে যুবদলের নেতাকর্মীরা যেভাবে ন্যাক্কারজনক হত্যাকাণ্ড ঘটালো
তা দেখে আমি মর্মাহত হয়ে বি এন পি থেকে সেচ্ছায় পদত্যাগ করলাম।’
এ বিষয়ে কথা বলতে শেখ মো. আকাশের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
প্রসঙ্গত; গত বুধবার বিকেল ৬টার দিকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল লোক সোহাগকে এলোপাতাড়িভাবে আঘাত করে ও কুপিয়ে হত্যা করে। আজ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির তিন অঙ্গ সংগঠনের পাঁচজনকে আজীবন বহিষ্কার করা হয়। এর মধ্যে যুবদলের দুইজন, স্বেচ্ছাসেবক দলের একজন এবং ছাত্রদলের দুইজন নেতাকর্মী রয়েছেন।
তারা হলেন- যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকি; স্বেচ্ছাসেবক দলের কালু ওরফে ‘স্বেচ্ছাসেবক কালু’ এবং ছাত্রদলের চকবাজার শাখার সদস্য সচিব অপু দাস ও মাহমুদুল হাসান মাহিন।


