জাতীয় ব্যাডমিন্টনে সারাদেশের সবাইকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন মুন্সিগঞ্জের শুভ খন্দকার
১০৫

মুন্সিগঞ্জ, ৩০ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

দেশের সবচেয়ে বড় ব্যাডমিন্টন প্রতিযোগিতা জাতীয় চ্যাম্পিয়নশিপে পুরুষ দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন মুন্সিগঞ্জের সন্তান শুভ খন্দকার। বাংলাদেশ আনসারের হয়ে মোয়াজ্জেম হোসেন অহিদুলকে সঙ্গে নিয়ে ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীর আল আমিন জুমা ও এস এম সিফাত উল্লাহ জুটির মুখোমুখি হন শুভ খন্দকার ও মোয়াজ্জেম হোসেন অহিদুল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথম গেমে ২২-২৪ পয়েন্টে হেরে গেলেও দ্বিতীয় গেমে ২১-১৮ পয়েন্টে জয় পান তাঁরা। এরপর তৃতীয় ও নির্ধারণী গেমে ২৬-২৪ পয়েন্টে জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশ আনসারের এই জুটি।

চ্যাম্পিয়ন হিসেবে তাঁরা পেয়েছেন এক লাখ ৪০ হাজার টাকা প্রাইজমানি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

শুভ খন্দকার মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার দরগাহবাড়ি এলাকার শামিম খন্দকারের পুত্র।

মুন্সিগঞ্জের ক্রীড়াঙ্গনের জন্য শুভ খন্দকারের এই অর্জন গর্বের। জাতীয় পর্যায়ের অন্যতম মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে তিনি নিজের পাশাপাশি জেলার নামও উজ্জ্বল করেছেন।

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় ৮৮টি জেলা, বিভাগ, শিক্ষাবোর্ড, বিশ্ববিদ্যালয় ও সংস্থার দল অংশ নেয়। প্রতিযোগিতায় ৫৩৫ জন পুরুষ ও ৮১ জন নারীসহ মোট ৬১৬ জন শাটলার অংশ নেন। এবারের আসরে মোট ১০ লাখ টাকা প্রাইজমানি রাখা হয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ