জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতায় মুন্সিগঞ্জের ফারজানা রিচি দ্বিতীয়
মুন্সিগঞ্জ, ১৯ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় উপস্থিত বক্তৃতায় সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মুন্সিগঞ্জের কৃতি সন্তান ফারজানা রিচি।
আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার টিচার্স ট্রেনিং কলেজে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় ঢাকা বিভাগের প্রতিনিধি হিসেবে তিনি এই অসামান্য গৌরব অর্জন করেন।
ফারজানা রিচি মুন্সিগঞ্জের শ্রীনগর সরকারি কলেজের সম্মান (স্নাতক) চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি শ্রীনগর উপজেলার হোগলাগাঁও গ্রামের মো. খবির হোসেনের ছোট কন্যা।
জাতীয় পর্যায়ের এই লড়াইয়ে সারা দেশের আটটি বিভাগের সেরাদের পেছনে ফেলে দ্বিতীয় হওয়ার এই কৃতিত্বে শ্রীনগর সরকারি কলেজসহ পরিবারে আনন্দের জোয়ার বইছে। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে রিচির পদচারণা মুখর। বিগত বছরগুলোতেও তিনি জাতীয় ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় শীর্ষ অবস্থানে থেকে নিজের মেধার স্বাক্ষর রেখেছেন।
ব্যক্তিজীবনে তিনি সামাজিক কর্মকাণ্ডেও অত্যন্ত সক্রিয়। বর্তমানে তিনি মুন্সিগঞ্জের অন্যতম সামাজিক সংগঠন ‘রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর’-এর সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ফারজানা রিচির এই অভাবনীয় সাফল্যে শ্রীনগর সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছে। তাঁর এই অর্জন জেলাবাসীর জন্য বড় এক মাইলফলক।


