জলাবদ্ধতায় দুর্ভোগের খবর দেখে খোঁজখবর নিলেন এমপি কামরুজ্জামান রতন, দ্রুত সমাধানের অনুরোধ
29

মুন্সিগঞ্জ, ৪ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বণিক্যপাড়া এলাকায় সড়ক সংস্কারের সময় নির্মিত ড্রেনের ত্রুটির কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিয়ে আমার বিক্রমপুরে ভিডিও সংবাদ প্রকাশের পর বিষয়টি আমলে নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

শুক্রবার সকালে ‘জলাবদ্ধতা: রাস্তা বানাতে গিয়ে ড্রেনের লাইন মানুষের বাড়িতে দিয়ে দিল ঠিকাদার, এ কেমন অনিয়ম?’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর বিকেলে সংসদ সদস্য কামরুজ্জামান রতন তার স্ত্রী নুর-ই জান্নাত রোশনী–এর মাধ্যমে স্থানীয় কর্মী মাহফুজা আফরিন রজনীকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেন।

পরিদর্শন শেষে এলাকার জলাবদ্ধতার কারণ ও স্থানীয়দের ভোগান্তির বিষয়টি সংসদ সদস্যকে অবহিত করা হয়। পরে তিনি দ্রুত সমস্যার সমাধানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

এর আগে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে, সড়ক সংস্কারের সঙ্গে নতুন ড্রেন নির্মাণ করা হলেও সেটির সংযোগ এমনভাবে দেওয়া হয়েছে যে পানি সরকারি খালে না গিয়ে স্থানীয়দের বাড়ির দিকে প্রবাহিত হচ্ছে। এতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং চরম দুর্ভোগে পড়ছেন এলাকাবাসী।

স্থানীয়দের দাবি, পুরোনো ড্রেন লাইনের মতো নতুন ড্রেনের সংযোগও পাশের সরকারি খালের সঙ্গে দেওয়া হলে দীর্ঘদিনের এ সমস্যার স্থায়ী সমাধান হবে। সংসদ সদস্যের হস্তক্ষেপে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে এলাকাবাসী আশা প্রকাশ করেছেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ