১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | বিকাল ৪:১৬
চট্টগ্রামে পাঁচ হাজার গাছ লাগাবে পুলিশ
খবরটি শেয়ার করুন:
27

সাতকানিয়া ও লোহাগাড়া থানা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুই পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের পাঁচ হাজার চারা রোপনের কর্মসূচী নিয়েছে জেলা পুলিশ।

মঙ্গলবার দুপুর ১টায় সাতকানিয়ার ছদাহা কে.ক. উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জলপাই গাছের চারা রোপন করে কর্মসূচীর উদ্বোধন ও ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করেন চট্টগ্রামের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার।

“গাছ লাগান, পরিবেশ বাঁচান” এবং “করব মোরা মাছের চাষ, থাকব সুখে বার মাস” এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া-লোহাগাড়া থানা এলাকায় বৃক্ষরোপন কর্মসূচী ও পুকুরে মাছের পোনা অবমুক্তকরন কার্যক্রমে পুলিশ প্রশাসনকে সহায়তা করছে বন বিভাগ ও কমিউনিটি পুলিশ।

পরে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে লোহাগাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে গরিব ও প্রতিবন্ধীদের মাঝে বস্ত্র বিতরণ শেষে লোহাগাড়া থানা এলাকায় বৃক্ষরোপন ও ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ এবং মাছের পোণা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘দেশ, পরিবেশ ও নিজেকে বাঁচাতে বৃক্ষের কোন বিকল্প নেই। পুলিশ জনগণের বন্ধু এই বার্তা পৌঁছে দেওয়ার লক্ষে মাছের পোনা অবমুক্তকরন, বৃক্ষরোপনসহ নানা রকম সেবামূলক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন পুলিশ সুপার।

কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাস, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান, সাতকানিয়া সার্কেলের এএসপি একেএম এমরান ভুঞা, সাতকানিয়া থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার এবং লোহাগাড়া থানার ওসি মো.শাহজাহান।