গাড়ির সামনে ‘সাংবাদিক’, ‘চিকিৎসক’ স্টিকার লাগিয়ে ডাকাতি, ধরা পড়ল মুন্সিগঞ্জে
৩৭২

মুন্সিগঞ্জ, ২৮ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

গাড়ির সামনে কখনো ‘সাংবাদিক’, কখনো ‘চিকিৎসক’ পরিচয়ের স্টিকার লাগিয়ে ডিবি পুলিশ ও র‍্যাব পরিচয়ে মহাসড়কে ডাকাতি করত একটি চক্র।

মুন্সোগঞ্জের গজারিয়ায় এক ব্যবসাপ্রতিষ্ঠানের পণ্যবাহী কাভার্ড ভ্যান ও মালামাল লুটের ঘটনায় চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি নোয়া গাড়ি, লুট হওয়া কাভার্ড ভ্যানসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. বদরুদ্দোজা এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৮ নভেম্বর রাত ১০টার দিকে চট্টগ্রাম থেকে ৩০০ বস্তা প্লাস্টিক দানা নিয়ে ঢাকা মেট্রো-ন-২৩-১৫২৬ নম্বরের একটি নীল-হলুদ রঙের কাভার্ড ভ্যান ঢাকার উদ্দেশে রওনা হয়। পরদিন ভোর ৪টা থেকে ৫টার মধ্যে গজারিয়ার বালুয়াকান্দি এলাকায় ভূইয়া পাম্পের বিপরীত পাশে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে পৌঁছালে একটি সাদা রঙের টয়োটা নোয়া গাড়ি থেকে চার ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে কাভার্ড ভ্যানটির চালককে থামার সংকেত দেন।

চালক গাড়ি থামালে তাঁকে মারধর করে গাড়িতে মাদক রয়েছে বলে অভিযোগ তোলেন তাঁরা।

পরে চালকের মোবাইল ফোন, গাড়ির চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তাঁকে নিজেদের গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান। একপর্যায়ে কুমিল্লার একটি নির্জন স্থানে চালককে নামিয়ে দিয়ে কাভার্ড ভ্যানটি নিয়ে পালিয়ে যান তাঁরা। এ সময় কাভার্ড ভ্যানে থাকা ৩০০ বস্তা প্লাস্টিক দানাও লুট করা হয়। লুট হওয়া প্লাস্টিক দানার বাজারমূল্য ২০ লাখ ৪০ হাজার টাকা এবং কাভার্ড ভ্যানের মূল্য ২৯ লাখ টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিকের অভিযোগের ভিত্তিতে গজারিয়া থানায় দস্যুতার মামলা হয়। পরে পুলিশ সুপার মো. বদরুদ্দোজার নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইমরান আহম্মেদের তত্ত্বাবধানে এবং গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান শুরু করে।

পুলিশ জানায়, অভিযানে চারজনকে গ্রেপ্তারের পাশাপাশি ডাকাতির কাজে ব্যবহৃত দুটি নোয়া গাড়ি, লুট হওয়া নীল-হলুদ রঙের কাভার্ড ভ্যান, একটি লেজার লাইট, ‘প্রেস’ লেখা স্টিকার, ‘জরুরি চিকিৎসক’ লেখা স্টিকার, একটি ছোট টর্চলাইট ও দুটি লাঠি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, তাঁরা বিভিন্ন সময় পুলিশ, ডিবি পুলিশ ও র‍্যাব পরিচয়ে ডাকাতি ও দস্যুতার ঘটনা ঘটাতেন। এ ঘটনায় আরও দুই থেকে তিনজন জড়িত থাকতে পারেন এবং তাঁদের কাছে লুট হওয়া আরও মালামাল রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

পুলিশ আরও জানায়, মামলার এজাহারে চারজনের জড়িত থাকার কথা উল্লেখ থাকলেও তদন্তে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ কারণে মামলাটি দস্যুতার ধারা থেকে ৩৯৫ ও ৩৯৭ ধারায় ডাকাতির মামলায় রূপান্তর করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ