২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:৪২
গজারিয়ায় ৩৮ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে চড়ে রাজকীয় বিদায় নিলেন হক মাস্টার
খবরটি শেয়ার করুন:
185

মুন্সিগঞ্জ, ৯ জানুয়ারি ২০২৬, আজিজুল হক পার্থ (আমার বিক্রমপুর)​

মুন্সিগঞ্জের গজারিয়ায় দীর্ঘ ৩৮ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের ইতি টেনে রাজকীয় ও আবেগঘন পরিবেশে বিদায় নিলেন ১০নং আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ৭১নং আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হক (হক মাস্টার)।

আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে তাকে এই রাজকীয় বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজসেবক ড. মুহাম্মদ আব্দুল মান্নান সরকার। সহকারী শিক্ষক মহিউদ্দিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রিয় শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রাক্তন শিক্ষার্থীরা। পরে তাকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে ফুলে সাজানো একটি সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়িয়ে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়; অনেক শিক্ষার্থীকে অশ্রুসজল চোখে তাদের প্রিয় শিক্ষককে বিদায় দিতে দেখা যায়।

উল্লেখ্য, ১৯৮৭ সালে ১০নং আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে শিক্ষকতা জীবন শুরু করেন আব্দুল হক মাস্টার। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও মমতায় অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন। স্থানীয় সচেতন মহলের মতে, এলাকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

বিদায়ী অনুভূতি প্রকাশ করতে গিয়ে আব্দুল হক মাস্টার বলেন, “এই বিদ্যালয় ছিল আমার দ্বিতীয় পরিবার। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এই বিদায় আমার জন্য যেমন গর্বের, তেমনি গভীর আবেগেরও।”

একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের এই বর্ণাঢ্য বিদায় আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।