১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৮:২৭
গজারিয়ায় নানা কর্মসূচিতে গণহত্যা দিবস পালিত: গণকবরে পুষ্পস্তবক অর্পণ
খবরটি শেয়ার করুন:
65

মুন্সিগঞ্জ, ২৫ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে মুন্সিগঞ্জের গজারিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে।

দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আজ বুধবার সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের গোসাইচর এলাকায় অবস্থিত গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত কর্মকর্তাবৃন্দ ও মুক্তিযোদ্ধারা গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদদের প্রতি সম্মান জানান।

পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান এবং সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রির ভয়াবহতা তুলে ধরেন এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, গণহত্যা দিবস কেবল শোকের দিন নয়, এটি বাঙালির আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস স্মরণের দিন। এ দিনটি আমাদের স্বাধীনতার মূল্য উপলব্ধি করতে শেখায় এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মিন্টু, সদস্য ওহিদুজ্জামান নাঈমসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আয়োজকরা জানান, ভবিষ্যত প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং শহীদদের আত্মত্যাগের চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হবে।