গজারিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বাজিমাত সামিয়া ইসলাম সারার: ৩ বিষয়ে প্রথম
মুন্সিগঞ্জ, ১৪ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ প্রতিযোগিতায় সাফল্যের উজ্জ্বল স্বাক্ষর রেখেছে ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সামিয়া ইসলাম সারা। সে উপজেলা পর্যায়ে তিনটি ভিন্ন ভিন্ন বিষয়ে প্রথম স্থান অধিকার করে বিদ্যালয়ের জন্য গৌরব বয়ে এনেছে।
গজারিয়া উপজেলা শিক্ষা অফিসের তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সারা তার মেধার পরিচয় দেয়। সে নির্ধারিত বক্তব্য (বাংলা), নির্ধারিত বক্তব্য (ইংরেজি) এবং কবিতা আবৃত্তি—এই তিনটি বিভাগেই প্রথম স্থান অর্জন করেছে।
সাফল্যের এই ধারাবাহিকতায় সে এখন জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে।
সামিয়া ইসলাম সারার এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী। ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা জানান, সারা বরাবরই পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে অত্যন্ত মেধাবী। তার এই অর্জন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
নিজের প্রতিক্রিয়ায় সারা জানায়, এই সাফল্যের পেছনে তার শিক্ষক ও মা-বাবার অবদান সবচেয়ে বেশি। সে আগামীতে জেলা ও জাতীয় পর্যায়ে ভালো ফলাফল করে গজারিয়া তথা মুন্সিগঞ্জ জেলার নাম উজ্জ্বল করতে চায়।


