কথা রাখলেন নতুন এসপি, ২৪ ঘন্টা না পেরোতেই মাদকসহ গ্রেপ্তার ‘শান্তির ছেলে’
মুন্সিগঞ্জ, ২ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
নতুন পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভায় অভিযোগের প্রেক্ষিতে মুন্সিগঞ্জ সদরের রনছ (পারুলপাড়া) এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা ও ১ গ্রাম হেরোইনসহ আ. জব্বর ওরফে বাবু (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সে ওই এলাকার আলোচিত মাদক কারবারি শান্তি বেগমের পুত্র।
আজ মঙ্গলবার বিকাল ৪টা ১০ মিনিটের দিকে পুলিশ সুপার মেনহাজুল আলমের নির্দেশনায় এসআই (নি.) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রনছ এলাকায় জনৈক মর্তুজা প্রফেসরের পুকুরের উত্তর পাশে অভিযান চালায়।
গ্রেফতারকৃত বাবু বৈখর (সরকার পাড়া) এলাকার অফিজ উদ্দিন সরকারের ছেলে।
তার দেহ তল্লাশি ও স্বীকারোক্তি অনুযায়ী একটি কালো জিপার থেকে ৫১ পিস ইয়াবা, নীল পলিথিন থেকে ২ কেজি গাঁজা এবং সাদা পলিথিনে মোড়ানো ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করে মাদকদ্রব্য জব্দ করা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মুন্সিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, মাদকসহ ২১টি মামলা রয়েছে।
প্রসঙ্গত; গতকাল সোমবার (১ ডিসেম্বর) বিকালে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মতবিনিময় সভা করেন। সেখানে মাদক কারবারি শান্তি ও তার পুত্রের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ে বিস্তর অভিযোগ ও তাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এক সাংবাদিক। পরে পুলিশ সুপার তাৎক্ষণিক ওই এলাকার বিট পুলিশ অফিসার পরিবর্তনের সিদ্ধান্ত জানান। এবং ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস দেন।


