এইচএসসি: মুন্সিগঞ্জের ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই ফেইল
মুন্সিগঞ্জ, ৩১ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
এইচএসসি পরীক্ষার ফলাফলে মুন্সিগঞ্জের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। এসব প্রতিষ্ঠানের মোট ১৩ জন পরীক্ষার্থী অংশ নিলেও সবাই অনুত্তীর্ণ হয়েছেন।
প্রতিষ্ঠান তিনটি হলো সিরাজদিখান উপজেলার রাজদিয়া অভয় স্কুল অ্যান্ড কলেজ, শ্রীনগর উপজেলার হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজ এবং লৌহজং উপজেলার মেদিনীপুর মন্ডল গার্লস কলেজ।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সিরাজদিখান উপজেলার রাজদিয়া অভয় স্কুল অ্যান্ড কলেজ থেকে ১০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে কেউ পাস করতে পারেননি।
শ্রীনগর উপজেলার হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন মাত্র একজন শিক্ষার্থী। তিনিও উত্তীর্ণ হতে পারেননি।
অন্যদিকে লৌহজং উপজেলার মেদিনীপুর মন্ডল গার্লস কলেজ থেকে দুইজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও তাঁদের কেউ পাস করতে পারেননি।
এদিকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় মুন্সিগঞ্জ জেলায় সামগ্রিক পাসের হার ৫০ দশমিক ৬২ শতাংশ। জেলায় মোট ৮ হাজার ৬১৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪ হাজার ৩৬১ জন। জিপিএ-৫ পেয়েছেন ৫৫ জন। অনুত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ২৫৪ জন।
জেলার ছয়টি উপজেলার ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পাসের হারে সবচেয়ে এগিয়ে লৌহজং উপজেলা। এ উপজেলায় পাসের হার ৬৪ দশমিক ৯১ শতাংশ। সবচেয়ে কম পাসের হার গজারিয়া উপজেলায়, ৩২ দশমিক ৯৪ শতাংশ।








