ইয়েমেনে সেনাবাহিনীর ৮৭৪ হামলা, ১৯০ হুথি যোদ্ধা হতাহতের দাবি
ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে ২৪ ঘণ্টায় মোট ৮৭৪টি স্থল ও বিমান হামলা চালিয়েছে দেশটির প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকারের অধীন সেনাবাহিনী। ‘অপারেশন ডন অব ইয়েমেন’ বা ‘ইয়েমেনের ভোর’ অভিযানের আওতায় রোববার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত এসব সামরিক পদক্ষেপ নেওয়া হয়।
ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বিভিন্ন ফ্রন্টে পরিচালিত এসব হামলায় প্রায় ১৯০ জন হুথি কমান্ডার ও যোদ্ধা হতাহত হয়েছেন। অভিযানের মুখে বিদ্রোহীদের প্রায় ১৩০টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস হয়েছে এবং বিভিন্ন অবস্থানকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেনা মুখপাত্রের তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ে হুথিদের অবস্থান লক্ষ্য করে ২৯টি বিমান এবং ৩৯টি ড্রোন হামলা চালানো হয়। একই সঙ্গে সেনাবাহিনীর রকেট-লঞ্চার ইউনিট ৬২ বার এবং কামান বাহিনী ৭৪৪ বার গোলাবর্ষণ করে হুথিদের সামরিক অবকাঠামো ও সমাবেশ লক্ষ্যবস্তু করে।
ইয়েমেনের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম ফ্রন্টে সরকারি বাহিনী অগ্রগতি অর্জন করেছে এবং বেশ কিছু এলাকা পুনরায় নিয়ন্ত্রণে নিয়েছে। এসব অঞ্চলে ‘নেশনস শিল্ড ফোর্সেস’, ‘জায়ান্টস ব্রিগেড’ এবং ‘ন্যাশনাল রেজিস্ট্যান্স’ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।
উত্তরাঞ্চলীয় আল-জওফ ও মারিব ফ্রন্টে সেনাবাহিনীর বিভিন্ন ডিভিশন হুথিদের গতিবিধি প্রতিহত করার পাশাপাশি আক্রমণ অব্যাহত রেখেছে। এছাড়া আল-বায়দা ও তাইজ এলাকায় স্থানীয় সহযোগী বাহিনীর সমন্বয়ে বিদ্রোহীদের ওপর পাল্টা হামলা চালাচ্ছে সরকারি বাহিনী।
বেসামরিক নাগরিক ও তাদের অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করে এ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সামরিক বাহিনী উল্লেখ করেছে। রাজধানী সানাসহ দেশের উত্তরাঞ্চল পুনরুদ্ধারের লক্ষ্যে গত ৫ অক্টোবর থেকে এই সামরিক অভিযান শুরু হয়।









