ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়ায় বন্যায় ১,১৫০ জনের মৃত্যু
মুন্সিগঞ্জ, ১ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং মালয়েশিয়া জুড়ে বন্যায় এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ১,১৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে ।
ইন্দোনেশিয়ায় কমপক্ষে ৬০৪ জন, শ্রীলঙ্কায় ৩৬৬ জন , থাইল্যান্ডে ১৭৬ জন এবং মালয়েশিয়ায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এশিয়ায় এক সপ্তাহেই হাজার মানুষের প্রাণ নিলো বিধ্বংসী বন্যা। বন্যাকবলিত এলাকাগুলো থেকে ক্রমাগত উদ্ধার হচ্ছে মরদেহ, এখনো নিখোঁজ রয়েছে হাজারও মানুষ। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ইন্দোনেশিয়ায়।
শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যার কারণে সেনাবাহিনীকে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে মাঠে নামানো হয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, সরকারের প্রথম অগ্রাধিকার এখন ত্রাণ যত দ্রুত সম্ভব দুর্গতদের কাছে পৌঁছে দেওয়া। বিচ্ছিন্ন গ্রামগুলোতে সহায়তার জন্য দুটি হাসপাতাল জাহাজ ও তিনটি যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। অনেক এলাকায় এখনো সড়ক যোগাযোগ বন্ধ।
শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে বিপুল ক্ষয়ক্ষতির পর আন্তর্জাতিক সহায়তা চেয়েছে সরকার। সেখানেও সামরিক হেলিকপ্টারের মাধ্যমে দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছানো হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কে দুর্যোগ মোকাবিলায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জাতিসংঘ জানিয়েছে, শ্রীলঙ্কার ২৫টি জেলা মিলিয়ে প্রায় ১০ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষ।
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূতাত্ত্বিক সংস্থা সতর্ক করে জানিয়েছে, দেশজুড়ে আরও বৃষ্টি ও বজ্রসহ ঝড় হতে পারে। বিশেষ করে পশ্চিম নুসা তেঙ্গারা, পশ্চিম জাভা ও দক্ষিণ কালিমান্তান প্রদেশে ঝোড়ো বাতাস, বজ্রপাত ও অতিবৃষ্টি হতে পারে। রাজধানী জাকার্তার আশপাশের বগর ও সাউথ টাঙ্গেরাং এলাকায়ও ভারি বা মধ্যম বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, বন্যা ও ভূমিধসের কারণে ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে কয়েক হাজার শিশু স্কুলের বাইরে রয়েছে। সংগঠনটির এক মূল্যায়ন অনুসারে, দক্ষিণ থাইল্যান্ডে প্রায় ৭৬,০০০ শিশু স্কুলের বাইরে রয়েছে।
ইন্দোনেশিয়ায়, আচেহ এবং সুমাত্রায় কমপক্ষে ১,০০০ স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে, বাকিগুলো জরুরি আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা হচ্ছে।
অন্যদিকে, ভারতের তামিলনাড়ু রাজ্যের বিমানবন্দরটি ভারী বৃষ্টিপাতের কারণে বেশ কয়েকটি ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।
বিমানবন্দরের জারি করা এক বিবৃতির বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, চেন্নাই এবং পোর্ট ব্লেয়ারের মধ্যে কমপক্ষে ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
তামিলনাড়ুর বেশ কয়েকটি স্থানে, যার মধ্যে রয়েছে চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, কুড্ডালোর এবং রানিপেট।


