আমার বিক্রমপুরে প্রকাশিত আড়িয়াল বিলের পাশের সেই চুল্লি ভেঙে দিয়েছে প্রশাসন
মুন্সিগঞ্জ, ১ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
আড়িয়াল বিলের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালি এলাকায় কৃষি জমির পাশে দীর্ঘদিন ধরে গড়ে উঠা একটি অবৈধ অ্যালুমিনিয়াম গলানোর কারখানা ভেঙে দিয়েছে প্রশাসন।
জানা যায়, আজ বুধবার দুপুরে শ্রীনগর উপজেলা প্রশাসনের একটি টিম চুরাইন বাড়ৈখালি সেবক সংঘের মাঠের পাশের ওই চুল্লি কারখানায় অভিযান পরিচালনা করে। এসময় তারা চুল্লিটি ভেঙে গুড়িয়ে দিয়ে কারখানাটি বন্ধ করে দেয়।
বিষয়টি নিয়ে গত ৫ সেপ্টেম্বর ‘আড়িয়াল বিলের পাশে চলছে অবৈধ চুল্লি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন স্থানীয়দের’ শিরোনামে সংবাদ প্রকাশ করে আমার বিক্রমপুর।
সর্বশেষ গতকাল মুন্সিগঞ্জ শহরে গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান পূজামণ্ডপ পরিদর্শনে এলে বিষয়টি তার কাছে তুলে ধরেন শ্রীনগর উপজেলার শিক্ষার্থী হাবিব খন্দকার। উপদেষ্টা বিষয়টি দেখার জন্য মুন্সিগঞ্জ জেলা প্রশাসককে অনুরোধ করেন। পরে আজ অভিযান করে প্রশাসন।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিন উদ্দিন চুল্লি কারখানা ভেঙে দেয়ার তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানার পর পরিবেশ অধিদপ্তরকে জানানো হয়। পরে তারা চুল্লিটি বন্ধ করতে এর মালিককে একটি নোটিশ দেন। কিন্তু তারা কারখানা বন্ধ না করায় প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেয়।
প্রসঙ্গত; গত ৭-৮ মাস ধরে আড়িয়াল বিলের কৃষি জমির পাশে এক টুকরো উচু জমিতে অ্যালুমিনিয়াম/ধাতব রিসাইক্লিংয়ের জন্য বাঁশের বেড়া দিয়ে ঘর বানানো হয়েছিলো। ঘরটির ভেতরে না যাওয়া গেলেও বাইরে দেখে বোঝা যেত এখানে ভারি কোন ধাতু গলানোর কাজ চলছে। অত্যধিক পরিমাণে জ্বালানি পোড়ানোর কারনে কারখানার উপরের অংশ দিয়ে দিন-রাত কালো ধোঁয়া নির্গত হচ্ছিলো।
এছাড়া অ্যালুমিনিয়াম পাউডারের সাদা অংশ ছড়িয়ে পড়ছিলো আশপাশের গাছ-সবজি বাগানের উপর। এতে সবুজ গাছের পাতা রুপ নিয়েছেলো ধূসর রংয়ে।
পাশাপাশি কারখানায় অ্যালুমিনিয়াম গলানোর পর যে বর্জ্য নির্গত হচ্ছিলো সেগুলো সরাসরি ফেলা হতো পাশের আড়িয়াল বিলের পানিতে। ধীরে ধীরে সেই কেমিক্যালযুক্ত আবর্জনা পানিতে মিশে ছড়িয়ে পড়ছিলো পুরো বিলে।
বিষয়টি নিয়ে স্থানীয় ছাত্র-সমাজসহ অন্যরা একাধিকবার প্রশাসনকে অবহিত করলেও এতদিন ধরে তারা কোন ব্যবস্থা নেয়নি।


