আব্দুল্লাহর বিরুদ্ধে সপুর আপিল খারিজ: মুন্সিগঞ্জ-১ আসনে নির্বাচনে বাধা নেই
মুন্সিগঞ্জ, ১৭ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মো. আব্দুল্লাহ’র মনোনয়নপত্র পুনরায় বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এর ফলে তার নির্বাচনে অংশ নিতে আর কোনো আইনি বাধা রইল না।
আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে শুনানি শেষে এই রায় দেওয়া হয়।
এর আগে, একই আসনের স্বতন্ত্র প্রার্থী মীর সরাফত আলী সপু অভিযোগ করেছিলেন যে, শেখ মো. আব্দুল্লাহ তার হলফনামায় জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত একটি মামলার তথ্য গোপন করেছেন। এই অভিযোগ তুলে তিনি আব্দুল্লাহর মনোনয়নের বিরুদ্ধে আপিল আবেদন করেন। তবে কমিশন উভয় পক্ষের শুনানি ও নথিপত্র পর্যালোচনা করে সপুর সেই আপিলটি খারিজ করে দেয় এবং আব্দুল্লাহর মনোনয়ন বৈধ রাখার সিদ্ধান্ত দেয়।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পর সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী সন্তোষ প্রকাশ করে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কমিশনের এই রায়ে এলাকায় নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
উল্লেখ্য, শেখ মো. আব্দুল্লাহ এই আসনে বিএনপির শক্তিশালী প্রার্থী হিসেবে পরিচিত। আপিল খারিজ হওয়ার ফলে তিনি এখন পুরোদমে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারবেন।


