আজ থেকে মুন্সিগঞ্জের সকল থানার জিডি করা যাচ্ছে অনলাইনে
মুন্সিগঞ্জ, ১ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
পুলিশি সেবা প্রাপ্তির প্রথম ধাপ ‘জিডি’ করার প্রক্রিয়া আরও সহজতর করতে আজ থেকে মুন্সিগঞ্জের ৭টি থানার প্রায় সাড়ে ১৬ লাখ নাগরিক অনলাইনে সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
মুন্সিগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, নির্দিষ্ট অ্যাপে শুধুমাত্র নিজের মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল থেকে সরাসরি তোলা ছবি ব্যবহার করেই মিলবে এই সেবা। এর জন্য কোন ধরনের ফি লাগবে না। এছাড়া রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে, মুন্সিগঞ্জ জেলার যে কেউ দিন-রাতের যে কোন সময় জেলা পুলিশের হটলাইনে (০১৩২০০৯৪২৯৮) কল করে সহযোগিতা নিতে পারবেন। সহযোগিতার জন্য চালু রয়েছে বাংলাদেশ পুলিশের হটলাইন- ০১৩২০০০১৪২৮।
হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জানমালের বিষয়সহ যে কোন বিষয়ে পুলিশের নিকট অভিযোগ করা যাবে এখন অনলাইনে। পরে সংশ্লিষ্ট থানা হতে অভিযোগের ধরন অনুসারে ব্যাবস্থা নেওয়া হবে। অভিযোগের বিষয়টি যদি জিডির যোগ্য হয় তাহলে সেটি জিডি নম্বর এবং তদন্তকারী অফিসারের বিবরণীসহ ‘ডিজিটাল জিডির কপি’ প্রেরণ করা হবে।
অন্যদিকে, অভিযোগের বিষয়টি যদি মামলার যোগ্য (আমলযোগ্য অপরাধ) হয় সেক্ষেত্রে অভিযোগের প্রিন্ট কপি অথবা অভিযোগের কোড নং সহ থানায় উপস্থিত থাকতে হবে অভিযোগকারীকে।
ফলে, খুব সহজে যে কোন অভিযোগ পুলিশকে জানানো যাবে, অভিযোগের সর্বশেষ অবস্থা অনলাইনেই জানা যাবে, অভিযোগের তদন্তকারী অফিসারের সাথে অনলাইনে যোগাযোগ করা যাবে এবং অনলাইনে অভিযোগের (জিডি) কপি ডাউনলোডসহ ডিজিটাল কপি যে কাউকে প্রেরণ করা যাবে। সেবাগুলো পেতে যে কোন অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনের অ্যাপ স্টোর থেকে ‘Online GD’ অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপটি ডাউনলোড করার পর নিবন্ধন অপশনে ক্লিক করে মোবাইল নাম্বার দিতে হবে। এরপর মোবাইলে ৬ ডিজিটের একটি ওটিপি কোড আসবে। সেটি বসানোর পর জাতীয় পরিচয় পত্র নম্বর ও জন্ম তারিখ দেয়ার জন্য বলা হবে। এরপর অভিযোগকারীর ছবি তোলার জন্য অনুরোধ জানানো হবে। এরপরে সম্পন্ন করতে হবে বাকি প্রক্রিয়া।
ইউটিউবে ‘অনলাইন জিডি’ লিখে সার্চ করলেও অসংখ্য সহায়ক ভিডিও চলে আসবে।
গতকাল বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জের সকল জেলার সকল থানায় আজ মঙ্গলবার (১ জুলাই) থেকে চালু হচ্ছে সকল ধরনের অনলাইন জিডি সেবা। প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে ঘরে বসেই সকল ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ। বর্তমানে সিলেট রেঞ্জ ও সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রাম রেঞ্জ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল থানায় অনলাইন জিডি সেবা চালু রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে অনলাইনে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত। আজ থেকে ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জের সকল জেলার সকল থানায় (মোট ১৩৪টি থানা) অনলাইনে সকল ধরনের জিডি করা যাবে। পর্যায়ক্রমে অন্যান্য রেঞ্জ ও মেট্রোতেও এ অনলাইন জিডি সেবা চালু করা হবে। এতে আরও বলা হয় অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই।


