হরগঙ্গায় সাইনবোর্ড পড়ে আহত শিক্ষার্থীর বাসায় অধ্যক্ষ, তদন্ত কমিটি গঠন
মুন্সিগঞ্জ, ৩ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজে ভবনের সাইনবোর্ড খুলে মাথায় পড়ে আহত এক শিক্ষার্থীর বাসায় গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন কলেজের অধ্যক্ষসহ শিক্ষকেরা। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। আগামী বৃহস্পতিবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
ওই শিক্ষার্থীর পরিবার অধ্যক্ষের কাছে এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন।
আহত শিক্ষার্থীর নাম হাবিবা (১৯)। তিনি মুন্সিগঞ্জ পৌরসভার বাগমামুদালিপাড়া এলাকার বাসিন্দা এবং সরকারি হরগঙ্গা কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টা ২৬ মিনিটে কলেজের শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক নিজামুদ্দিন ভবনের প্রথম তলার ওপরের অংশে থাকা নামফলকসহ একটি সাইনবোর্ড খুলে তাঁর মাথায় পড়ে। এ সময় তিনি ভবনের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
কলেজের প্রত্যক্ষদর্শী এক শিক্ষকের ভাষ্য অনুযায়ী, টিফিনের বিরতিতে অনার্স পর্যায়ের দুই শিক্ষার্থী সাইনবোর্ডটির ওপর উঠে দুষ্টামি করছিলেন। একপর্যায়ে সাইনবোর্ডটি খুলে নিচে পড়ে হাবিবা আহত হন।
ঘটনার পরপরই তাঁকে কলেজের মেডিক্যাল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শিক্ষক প্রতিনিধির সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরেছেন।
কলেজ কর্তৃপক্ষ জানায়, আজ বিকেল ৪টার দিকে অধ্যক্ষ অধ্যাপক শামীম আহসান খানের নেতৃত্বে শিক্ষক পরিষদের সম্পাদক ফারুক মিয়া, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক ও মানবিক বিভাগের ‘গ’ শাখার শ্রেণিশিক্ষক জাহাঙ্গীর আলম, বাংলা বিভাগের অধ্যাপক ও নিবিড় কমিটির আহ্বায়ক মাহফুজা বেগম এবং কলেজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ড. সোহেল মিয়া আহত শিক্ষার্থীর বাসায় যান। তাঁরা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। বর্তমানে শিক্ষার্থীর সার্বিক শারীরিক অবস্থা ভালো রয়েছে।
সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীম আহসান খান জানান, ঘটনার পরপরই বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
কলেজ কর্তৃপক্ষ আহত শিক্ষার্থীর দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেছে।








