সংস্কার ও নির্বাচনী অঙ্গীকার নজরদারি: মুন্সিগঞ্জসহ দেশের ৩০ জেলার সাংবাদিকদের নিয়ে কর্মশালা
মুন্সিগঞ্জ, ৪ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
সরকারের সংস্কার কার্যক্রম পদ্ধতিগতভাবে পর্যবেক্ষণ, নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন যাচাই এবং আধুনিক ফ্যাক্ট-চেকিং পদ্ধতির ব্যবহার জোরদারে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দেশের ৩০ জেলার সাংবাদিকদের নিয়ে ঢাকায় দুই দিনব্যাপী এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে মুন্সিগঞ্জ জেলা থেকে যোগ দিয়েছেন আমার বিক্রমপুরের প্রকাশক সাংবাদিক শিহাব আহমেদ।
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ-এর উদ্যোগে এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর সহযোগিতায় আয়োজিত ‘নির্বাচনী প্রতিশ্রুতি, সংস্কার ও তথ্য যাচাই’ শীর্ষক এই কর্মশালায় ৩০টি জেলার ৩৫ জন সাংবাদিক এবং ইআরএফ-এর ১৮ জন সদস্য অংশ নেন।
উদ্বোধনী অধিবেশনে নাগরিক প্ল্যাটফর্মের নেটওয়ার্ক ফোকাল পয়েন্ট ও সিপিডি-র সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েট তারান্নুম জিনান অংশগ্রহণকারীদের স্বাগত জানান। ইআরএফ-এর সভাপতি দৌলত আক্তার মালা অর্থনৈতিক সাংবাদিকতায় তথ্য যাচাইয়ের গুরুত্ব তুলে ধরেন। সিপিডি-র সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য কর্মশালার প্রেক্ষাপট ব্যাখ্যা করে বলেন, রাষ্ট্রীয় সংস্কার ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্মশালায় ‘বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার’ ও ‘ম্যানিফেস্টো ওয়াচ’ নামের দুটি অনলাইন টুলের ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। সিপিডি-র অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান এবং সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট নাজিবা মোহাম্মদ আলতাফ অংশগ্রহণকারীদের হাতে-কলমে এসব টুল ব্যবহারের কৌশল শেখান, যা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে সহায়ক হবে।
দ্বিতীয় দিনে স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইন (আরটিআই)-এর কার্যকর প্রয়োগ নিয়ে প্রশিক্ষণ দেন এমআরডিআই-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। পাশাপাশি অপতথ্য ও অপপ্রচার শনাক্তে আধুনিক ফ্যাক্ট-চেকিং কৌশল নিয়ে আলোচনা করেন ডিজিটালি রাইট বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী।
সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিনের সম্পাদক ও নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী। তিনি বলেন, সাংবাদিকদের পরিচয়ই হবে তাদের পেশাদারিত্ব; শিরোনামনির্ভর সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই তথ্য যাচাইয়ে সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্যে নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রুপ সদস্য ও সিপিডি-র সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া সমাপনীতে ইআরএফ-এর সাধারণ সম্পাদক আবুল কাশেম ও ড. দেবপ্রিয় ভট্টাচার্য বক্তব্য রাখেন।
শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। কর্মশালাটি আয়োজনে সহায়তা দিয়েছে বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাস ও ইউএনডিপি, বাংলাদেশ।





