রাত ৯ টার পরবর্তী ১২ ঘন্টার মধ্যে মুন্সিগঞ্জসহ সারাদেশে শক্তিশালী কালবৈশাখীর সতর্কতা
মুন্সিগঞ্জ, ৪ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
সারাদেশে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। সোমবার রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জারি করা এক বিশেষ বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রাত ৯টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে মুন্সিগঞ্জসহ ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
এই সময়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ঝড়ের সঙ্গে প্রবল বজ্রবৃষ্টি ও বিদ্যুৎ চমকানোর বিষয়েও সতর্ক করা হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা এই সতর্কবার্তায় সংশ্লিষ্ট এলাকার জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ঝড়ের সময় নিরাপদ অবস্থানে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ করে নৌযান ও খোলা স্থানে থাকা সাধারণ মানুষকে বাড়তি সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে আবহাওয়া দপ্তর।





