মেঘনা নদীর উপর দিয়ে আজ সারাদিন সকল নৌযান চলাচল বন্ধ রাখার আহবান
28

মুন্সিগঞ্জ, ২৯ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

আজ বুধবার সকাল ১১টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের উদ্দেশে ছেড়ে যাওয়া এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশে চলাচলকারী সকল ধরনের নৌযান বন্ধ রাখার আহবান জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ আহবান জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন, আজকের কালবৈশাখী ঝড় সম্পূর্ণরূপে মেঘনা নদীর উপর দিয়ে বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। ফলে মেঘনা নদীপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ, জাহাজ ও ছোট কার্গো নৌযানগুলো বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়তে পারে।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলেন, ঝড়ের কবলে পড়ে নৌযান ডুবে যাওয়ার আশঙ্কার পাশাপাশি বজ্রপাতের কারণে নৌযানে আগুন লাগার ঘটনাও ঘটতে পারে। তাই যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সকাল ১১টার পর থেকে অন্তত সন্ধ্যা পর্যন্ত নৌ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

এদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি ও দমকা হাওয়া বইতে দেখা গেছে। নদীবন্দরগুলোতে আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণে সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নৌপথ ব্যবহারকারী যাত্রীদের প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলার এবং আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ