মুন্সিগঞ্জের নায়ক অাশিক চৌধুরী’র সাক্ষাৎকার
ছোটবেলা থেকে মায়ের সাথে হলে গিয়ে ছবি দেখতেন। বাসার পাশে হল হওয়াতে নতুন কোন ছবিই দেখতে ভুল করতেন না। এরপর মায়ের অনুপ্রেরণায় থিয়েটারে কাজ শুরু করা।
টানা ১৪ বছর থিয়েটার করেছেন। কাজ করছেন নিজ নিবাস মুন্সিগঞ্জের ‘থিয়েটার সার্কেল’ ও ঢাকার ‘নাগরিক নাট্য সম্প্রদায়’-এ।
শুক্রবার মুক্তি পেয়েছে তার ২য় চলচ্চিত্র ‘হৃদয় দোলানো প্রেম’।
বসন্তের আলসে দুপুরে কথা হল তার চলচ্চিত্রযাত্রার নানা দিক নিয়ে। নায়ক হিসেবে দেখতে নিজেকে কেমন লাগে? প্রশ্নটি করার সাথে সাথে মুখ থেকে কথা কেঁড়ে নিয়ে হেসে বললেন ‘ভাই আমি ‘নায়ক’ থেকে ‘অভিনেতা’ হিসেবে নিজেকে শুনতে বেশি পছন্দ করি। কারণ আমার কাছে অভিনয়ের গুরুত্ব সবচেয়ে বেশি’। প্রথম চলচ্চিত্রে অভিনয়ের অনুভূতি ব্যক্ত করলেন এভাবে, ‘চলচ্চিত্রে কাজ করার আগে ছোটপর্দায় ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেছি, তাই ক্যামেরার সামনে অভিনয় করার বিষয়টায় খুব স্বাভাবিক ছিলাম।কিন্তু একটা জিনিস মাথায় ঘুরছিলো যে বড় পর্দায় কাজ করছি। সেজন্য মনের মাঝে কেমন জানি অন্যরকম একটা অনুভব টের পাচ্ছিলাম।’
জুলহাস চৌধুরী পলাশ একটি বিজ্ঞাপন নির্মাণের সময় আশিক’কে দেখে চলচ্চিত্রে অভিনয় করার প্রস্তাব দেন। প্রস্তাব পেয়ে আশিক বুদ্ধিমানের মত পানি ঘোলা না করেই রাজি হয়ে গেলেন। যেমন ভাবনা তেমন কাজ। ২০১৪ সালে মুক্তি পেলো আশিকের প্রথম চলচ্চিত্র ‘দুটি মনের পাগলামি’। এরপর আবুল কালাম আজাদের ডাকে সারা দেন তিনি। তখন তিনি তার চলচ্চিত্রে অভিনয় করার জন্য আশিককে বললে দ্বিতীয় বলেও ছক্কা মারেন তিনি। ‘হৃদয় দোলানো প্রেম’ ছবিটিতে অভিনয় করেন আঁচলের সাথে। আঁচলের সাথে কেমন ছিল যাত্রা সে প্রশ্নের উত্তরে বলেন, ‘আঁচল বর্তমানের খুব জনপ্রিয় একজন নায়িকা। প্রথমবার চলচ্চিত্রে ওর সাথে কাজ করছি। আঁচল খুবই আন্তরিকভাবে কাজ করেন। মনে হয়নি প্রথমবার তার সাথে কাজ করছি। ও খুব ভালো অভিনয় করেন। আমিও ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি।’এই পর্যন্ত ৫টি ছবিতে কাজ করেছেন আশিক চৌধুরী। এর মধ্যে ‘দুটি মনের পাগলামি’ গত বছর মুক্তি পায়। শুক্রবার মুক্তি পেলো ‘হৃদয় দোলানো প্রেম’। মুক্তির অপেক্ষায় আছে ‘আয়না সুন্দরী’ এছাড়া কাজ চলছে ‘স্বর্গ থেকে নরক’ ও ‘হৃদয় ছোঁয়ার দিন’-এ। এখন ব্যস্ততা সাজ্জাদ হায়দার পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘হৃদয় ছোঁয়ার দিন’ এর শুটিংয়ে। তার বিপরীতে কাজ করছেন অঞ্জলি। নিজের চাওয়া পাওয়া সম্পর্কে জানতে চাইলে আশিক বলেন, ‘প্রতিটি কাজে সুযোগ অনেক বড় ব্যাপার। তাই আমি সুযোগ চাই, অভিনয় করতে চাই। সুযোগ পেলে মনে হয় আমি আমার আশা পূরণ করতে পারব’।





