মুন্সিগঞ্জে মোটরসাইকেল চাপায় প্রাণ গেছে বৃদ্ধের, চালককে আটক করেছে পুলিশ
555

মুন্সিগঞ্জ, ১২ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে দ্রুতগতির ও বেপরোয়া মোটরবাইকের চাপায় ফজল শেখ (৭০) নামে এক আলু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার নূর কোল্ড স্টোরেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফজল শেখ মুন্সিগঞ্জ সদর উপজেলার রামসিং গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসার কাজে সকাল থেকেই টংগিবাড়ী উপজেলার নূর কোল্ড স্টোরেজে অবস্থান করছিলেন ফজল শেখ।

দুপুরে হিমাগারের সামনের রাস্তা পার হয়ে ওপাশের একটি দোকান থেকে চা পান করে ফিরছিলেন তিনি। এসময় টংগিবাড়ী বাজার থেকে দিঘিরপাড়গামী একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে সজোরে চাপা দেয়। এতে তার দুই পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন।

দুর্ঘটনার পর টংগিবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই ঘাতক মোটরসাইকেল চালক মো. আব্দুল্লাহ মোল্লাকে (১৮) আটক করেছে পুলিশ। আব্দুল্লাহ উপজেলার দিঘিরপাড় গ্রামের আনোয়ার মোল্লার ছেলে।

টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, নিহতের মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবার এই ঘটনায় কোনো অভিযোগ করতে চাচ্ছে না, তবে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ