মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারে ব্যার্থ হয়ে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ
মুন্সিগঞ্জ, ১১ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় এক মাদ্রাসা ছাত্রকে (১৪) বলাৎকারের চেষ্টায় ব্যার্থ হয়ে পরবর্তীতে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার অপচেষ্টার অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে।
মুমূর্ষু অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার টংগিবাড়ী থানার সোনারং ইউনিয়নের পশ্চিম সোনারং এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন।
অভিযুক্ত শিক্ষকের নাম হাফেজ মো. লোকমান হোসেন (২৬)। তিনি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর শশীভূষণ এলাকার বাসিন্দা। লোকমান হোসেন সোনারং পুরাতন জামে মসজিদের ইমাম এবং একই এলাকার খিলপাড়া সুন্নাতুল মদিনা মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত।
ভুক্তভোগী কিশোর ওই মাদ্রাসারই ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ পশ্চিম সোনারং এলাকার একটি নির্জন স্থানে ওই ছাত্রকে বলাৎকারের চেষ্টা করেন শিক্ষক লোকমান হোসেন। ছাত্রটি এতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে লোকমান হোসেন সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে গলায় আঘাত (পোচ) করেন। এ সময় ছাত্রটির চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শিক্ষক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে প্রথমে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে সে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ জানান, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।









