মুন্সিগঞ্জে বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ ১৪ জন আটক, ৮ জনের কারাদণ্ড
241

মুন্সিগঞ্জ, ৪ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালিমান্দ্রা এলাকার বেদে পল্লীতে পুলিশ, ডিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ ১৪ জনকে আটক করা হয়েছে। পরবর্তীতে এর মধ্যে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা প্রদান করেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল ইমরান।

জানা যায়, বাকি ৫ জনকে নিয়মিত মামলা দিয়ে শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।  অপর একজন ওয়ারেন্টভূক্ত আসামি হওয়ায় তাকে ওই ওয়ারেন্ট মূলে আদালতে প্রেরণ করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুহাম্মদ কাজী হুমায়ুন রশীদ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শুক্রবার ভোর ৫টার দিকে এই অভিযান চালায় যৌথ বাহিনী। পরবর্তীতে ৫ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি পৃথক মামলা রুজু করা হয় লৌহজং থানায়। ৮ জন আসামিকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয় এবং পূর্বের একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকেও গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে নাদিরা বেগম (৪০), হারুনা বেগম, সিনারুল ইসলামের (১৯) কাছ হতে ২ বোতল ফেনসিডিল, ৫০০ গ্রাম গাঁজা, নগদ ৪০ হাজার ৯ শত ৮০ টাকা, আসমাউল ওরফে ইসমাইল (৩৫), ইসরাফিল (৪৫) এর কাছ হতে ৫৮ পিস ইয়াবা, নগদ ৫৩ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। এদের মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যকে কারাগারে প্রেরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তদের মধ্যে রুপাকে ১ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, মো. পূর্ণকে ২ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, মো. রাখেলকে ২ মাসের কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা, মো. ইসমাইলকে ১০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, কাজল দাসকে ২ মাসের কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা, মো. জয়নাল শেখকে ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, মো. আরিফকে ২ মাসের কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা ও  লাদেনকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

অপর আসামি মো. এনারুল সরদার ওরফে এনাকে ওয়ারেন্ট মুলে আদালতে প্রেরণ করা হয়েছে।