মুন্সিগঞ্জে পুলিশের ওসির বাড়ির দরজা ভেঙে মালামাল চুরি
17

মুন্সিগঞ্জ, ১২ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে এক পুলিশ কর্মকর্তার বাড়ির দরজা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৮ লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে দাবি করেছেন বাড়ির মালিক।

বাড়ির মালিক তোতা মিয়া বেপারী জানান, তাঁর ছেলে মোহাম্মদ মতিউর রহমান (উজ্জ্বল) বরিশালের মেহেন্দীগঞ্জ থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। ছেলেকে দেখতে পরিবারের সদস্যরাও ঢাকায় অবস্থান করছিলেন। এ সুযোগে ফাঁকা বাড়িতে চোরের দল প্রবেশ করে দরজা ভেঙে মালামাল নিয়ে যায়।

তোতা মিয়া বেপারীর দাবি, চুরির ঘটনায় তাঁর পরিবারের প্রায় ৮ লাখ টাকার মালামাল খোয়া গেছে।

তিনি আরও জানান, প্রায় দুই মাস আগে একই এলাকায় প্রতিবেশী জাহাঙ্গীর মৃধার বাড়িতেও একইভাবে চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় স্থানীয় সাগর নামে একজনকে আটক করা হয় এবং রফিক, মেহেদীসহ কয়েকজনের নাম উঠে আসে। পরে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছিল। আগের ওই চুরির ঘটনায় জড়িতদের কেউ তাঁর বাড়িতে চুরি করে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বাড়ির মালিক।

এ বিষয়ে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিছুর রহমান বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ