মুন্সিগঞ্জে কারেন্ট জাল কারখানায় অভিযান, ৪২ হাজার রিল সুতা ও ৫ হাজার বর্গমিটার জাল জব্দ
মুন্সিগঞ্জ, ৯ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দয়াল বাজার (ফিরিঙ্গি বাজার) এলাকায় একটি কারেন্ট জাল উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও মনোফিলামেন্ট সুতা জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় কারখানায় কর্মরত সেন্টু নামের এক কর্মচারীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে কারেন্ট জাল উৎপাদনকারী একটি কারখানা থেকে মনোফিলামেন্ট সুতা আনুমানিক ৪২ হাজার রিল এবং প্রায় ৫ হাজার বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা এসব মালামাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। অভিযানে সহযোগিতা করে মুক্তারপুর নৌপুলিশ ও মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ।
মুক্তারপুর নৌপুলিশের ইনচার্জ মো. আ. মাবুদসহ ফাঁড়ির অন্যান্য পুলিশ সদস্য, মুন্সিগঞ্জ সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মচারী এবং সদর থানা পুলিশের একজন উপপরিদর্শকসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য অভিযানে অংশ নেন।
মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম।
তিনি বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শুধু আইন প্রয়োগের মাধ্যমে নয়, কারেন্ট জালসহ অন্যান্য ক্ষতিকর জালের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করা গেলে মৎস্য সম্পদ ধ্বংসকারী এসব অবৈধ জাল নির্মূল করা সম্ভব। পাশাপাশি অবৈধ ও ক্ষতিকর জালের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন সম্ভব হবে।
মোবাইল কোর্ট পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা উপস্থিত সবাইকে অবৈধ কারেন্ট জাল উৎপাদন ও ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।









