বিপ্লবের শাস্তি নিশ্চিতের দাবিতে শহরে যুবদল-ছাত্রদলের মিছিল
202

মুন্সিগঞ্জ, ৩০ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

গত বছরের ৪ আগস্ট ‍মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় ছাত্র-জনতার এক দফা দাবির আন্দোলন চলাকালীন সশস্ত্র আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে ৩ জন নিহতের ঘটনায় দায়েরকৃত পৃথক মামলার প্রধান আসামি সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মিছিল করেছে জেলা যুবদল ও ছাত্রদল।

আজ সোমবার সন্ধ্যা ৭টায় জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয় মিছিলটি। জেলা যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দের অংশগ্রহণে কর্মসূচিতে অংশ নেন সংগঠনের শতাধিক নেতাকর্মী। মিছিলটি শহরের কাচারি এলাকায় জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন, জেলা যুবদলের সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানা ও জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসেম।

নেতাকর্মীরা এসময় মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং হত্যা মামলায় তার যথাযথ শাস্তির দাবি করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম অনিক, হরগঙ্গা কলেজ ছাত্রদল নেতা শামসুল ইসলাম হীরা ও সাবেক ছাত্রদল নেতা সায়ের আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা।

প্রসঙ্গত; গত বছরের ৪ আগস্ট ‍মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় ছাত্র-জনতার এক দফা দাবির আন্দোলন চলাকালীন সশস্ত্র আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। এসময় পুলিশও আন্দোলনকারীদের দমাতে গুলি ছোড়ে। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিয়াজুল ফরাজী, নুর মোহাম্মদ ওরফে ডিপজল ও সজল মোল্লা। এছাড়া ঢাকার যাত্রাবাড়িতে নিহত হন মিরকাদিম পৌর ছাত্রদলের সদস্য সচিব মানিক মিয়া শারিক চৌধুরী। এসব ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে দায়েরকৃত হত্যা মামলায় প্রধান আসামি করা হয় মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন পুত্র ও জেলা আওয়ামী লীগের সদস্য, বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদে মুন্সিগঞ্জ-৩ আসন থেকে কাঁচি প্রতীক নিয়ে নির্বাচিত হওয়া সংসদ সদস্য ফয়সাল বিপ্লবকে। ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে আত্মগোপনে থাকা বিপ্লব গত ২২ জুন ঢাকার মণিপুরী পাড়া এলাকায় গ্রেপ্তার হন। পরে তাকে রাখা হয় কেরাণীগঞ্জ কারাগারে। সেখান থেকে সোমবার দুপুরে কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে মুন্সিগঞ্জ কারাগারে আনা হয় তাকে। আজ মঙ্গলবার মুন্সিগঞ্জের একটি হত্যা মামলায় আদালতে তোলা হবে বিপ্লবকে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ