প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে স্কুলছাত্রী ধর্ষিত
পুরান ঢাকায় ধর্ষিত হয়েছেন মিরপুরের এক স্কুলছাত্রী। বরিশালের ওই কিশোরী মিরপুরের বাগবাড়িতে একটি মেসে থেকে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে নবম শ্রেণিতে পড়েন।
মঙ্গলবার প্রেমিককে বিয়ের উদ্দেশ্যে লালবাগে গিয়ে ধর্ষণের শিকার হন বলে ওই কিশোরী পুলিশকে জানিয়েছেন।
ডাক্তারি পরীক্ষার জন্য ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করেছে পুলিশ।
তার অভিযোগের পরিপ্রেক্ষিতে সৈকত ইসলাম রানা নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম জানিয়েছেন।
তিনি বলেন, এই কিশোরী মঙ্গলবার সকালে তার প্রেমিকের সঙ্গে দেখা করতে সোয়ারীঘাট এলাকায় গিয়েছিলেন। সেখানে প্রেমিকের এক বন্ধুর বাসায় গিয়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।
“সেই বাসা থেকে বেরিয়ে সোয়ারিঘাটের লোহারপুল এলাকায় তার প্রেমিক পানি পান করার কথা বলে সেখান থেকে চলে যায়। এই সময় গাউছিয়া মার্কেটের ব্যবসায়ী সৈকত ইসলাম রানা ও তার দুই বন্ধু পাশের দুই বাসায় নিয়ে সেই শিক্ষার্থীকে ধর্ষণ করে।”
ধর্ষিত কিশোরী ওই বাড়ি থেকে বেরিয়ে লোহারপুলে এলে তার প্রেমিকের সঙ্গে তার দেখা হয়। প্রেমিককে ধর্ষণের ঘটনা জানানোর পর টহল পুলিশের সহায়তার ওই কিশোরী লালবাগ থানায় যান।
উপ কমিশনার মুনতাসিরুল বলেন, “মেয়েটি লালবাগ থানায় একটি মামলা করবেন বলে পুলিশকে জানিয়েছে। মেয়েটির অভিভাবদের সঙ্গেও যোগাযোগ করেছে পুলিশ।”
ধর্ষণে জড়িত আরও দুজনকেও পুলিশ খুঁজছে বলে জানান তিনি।









