পাবলিক প্লেসে ধূমপান: পদক্ষেপের বিষয়ে হাইকোর্টের রুল
পাবলিক প্লেসে ধূমপান বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।
বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ এ আদেশ দেয়।
এছাড়া রুলে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এর দুটি ধারা বাস্তবায়নে কেন পদক্ষেপ নেয়া হবে না- তাও জানতে চেয়েছে আদালত।
চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসচিব, আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি), পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালককে (ডিজি) রুলের জবাব দিতে বলা হয়েছে বলে আদালত সূত্র জানায়।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী জে আর খাঁন রবিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এর্টনি জেনারেল মোখলেছুর রহমান।
অ্যাডভোকেট জে আর খাঁন রবিন সাংবাদিকদের জানান, সংশ্লিষ্ট আইনের ৭ ধারায় ধূমপান এলাকার ব্যবহার ও ৮ ধারায় সতর্কতামূলক নোটিশ প্রদর্শনের কথা রয়েছে। কর্তৃপক্ষ ওই আইন বাস্তবায়নের লক্ষ্যে কোনো ধরনের দৃশ্যমান পদক্ষেপ না নেয়ায় নারী-শিশুসহ সাধারণ জনগণ ক্ষতির শিকার হয়ে হচ্ছে। ফলে জনস্বার্থে আইনের বাস্তবায়ন এবং পাবলিক প্লেসে ধূমপান বন্ধে পদক্ষেপ নিতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিমকোর্টের আইনজীবী শাম্মী আক্তার গত ১৭ জানুয়ারি রিট আবেদনটি দায়ের করেন।





