নানা কর্মসূচিতে টংগিবাড়ীতে হানাদার মুক্ত দিবস পালিত
৪৮

মুন্সিগঞ্জ, ১৫ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

নানা কর্মসূচির মধ্য দিয়ে মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে পালিত হয়েছে ঐতিহাসিক ১৫ নভেম্বর, টংগিবাড়ী হানাদার মুক্ত দিবস।

১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল টংগিবাড়ী।

মুন্সিগঞ্জ জেলার ছয়টি উপজেলার মধ্যে টংগিবাড়ীই সর্বপ্রথম শত্রুমুক্ত হওয়ার গৌরব অর্জন করে।

দিবসটি উপলক্ষে আজ রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

১৯৭১ সালের ১৪ নভেম্বর দিবাগত রাতে মুক্তিযোদ্ধারা চারদিক থেকে টংগিবাড়ী থানা ও রাজাকারদের ঘাঁটি ঘিরে আক্রমণ চালান। রাতভর তীব্র সংঘর্ষের পর ১৫ নভেম্বর ভোরে হানাদার বাহিনী ও রাজাকারদের পরাজিত করে টংগিবাড়ীকে শত্রুমুক্ত করেন বীর মুক্তিযোদ্ধারা।

এ সময় টংগিবাড়ী থানা ভবন এবং টংগিবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অবস্থান নেওয়া রাজাকারদের ঘাঁটি দখলে নেন মুক্তিযোদ্ধারা। ওই সম্মুখযুদ্ধে রাজাকার কমান্ডার রব বেপারী নিহত হন। পরাজিত হানাদার বাহিনী ও রাজাকাররা রিকাবী বাজার এলাকা দিয়ে ধলেশ্বরী নদী পার হয়ে নারায়ণগঞ্জের দিকে পালিয়ে যায়।

টংগিবাড়ী শত্রুমুক্ত হওয়ার পর মুক্তিযোদ্ধা ইসলামের নেতৃত্বে থানা ভবনে উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকা। টংগিবাড়ী মুক্ত হওয়ার এ ঐতিহাসিক খবর প্রচারিত হয়েছিল বিবিসির সংবাদেও।

প্রতি বছর ১৫ নভেম্বর দিনটি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন টংগিবাড়ীর সর্বস্তরের মানুষ। স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের প্রায় এক মাস আগেই টংগিবাড়ীর এই বিজয় স্থানীয় মুক্তিযুদ্ধের ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে আছে।

নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ স্মরণে দিবসটি বিশেষ তাৎপর্য বহন করে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ