জাতীয় শিক্ষা সপ্তাহ: মুন্সিগঞ্জে কলেজ ক্যাটেগরিতে শ্রেষ্ঠ শিক্ষার্থী হরগঙ্গার জিম, বক্তৃতায়ও প্রথম
মুন্সিগঞ্জ, ১৭ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলা পর্যায়ে ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, জেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এবারের আয়োজনে কলেজ ক্যাটেগরিতে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন সরকারি হরগঙ্গা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আসমাউল হুসনা জিম। একইসঙ্গে তিনি জেলা পর্যায়ে উপস্থিত বক্তৃতা (একক) প্রতিযোগিতা (গ গ্রুপ)-এ প্রথম স্থান অর্জন করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসকের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করেন। শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে কৃতিত্ব এবং বক্তৃতা দক্ষতার সমন্বয়ে এ সাফল্য অর্জিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
মেধা ও সৃজনশীলতার এই স্বীকৃতি শিক্ষক-শিক্ষার্থীদের আগামী দিনে আরও অনুপ্রাণিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

