‘গাজীপুর নেওয়া হয়েছে’—ভুয়া খবর দেখে কারাগারের সামনে স্বজনদের ভিড়, স্লোগান অন্য আসামিদের
১১২

মুন্সিগঞ্জ, ১৫ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করার অভিযোগে আটক ৩৫ কিশোরসহ ৩৭ জনকে গাজীপুরের কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন খবর ছড়িয়ে পড়ার পর জেলা কারাগারের সামনে হাজির হন তাঁদের স্বজনেরা।

রোববার সকালে কারাগারের সামনে এসে তাঁরা বিভিন্ন গাড়ি আটকে দেন এবং সন্তানদের খোঁজে আহাজারি করতে থাকেন।

তবে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আটক কিশোরেরা সবাই মুন্সিগঞ্জ জেলা কারাগারেই রয়েছেন। তাঁদের অন্য কোথাও পাঠানোর কোনো সিদ্ধান্ত হয়নি।

সকালে কারাগারের সামনে স্বজনদের ভিড় ও আহাজারির খবর পেয়ে সেখানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও চিত্র সাংবাদিকেরা জড়ো হন। তাঁরা ঘটনাস্থলের বিভিন্ন মুহূর্তের দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন।

এরই মধ্যে কোর্টে নিয়মিত আসামি আনা-নেওয়ার কাজে ব্যবহৃত একটি প্রিজনভ্যান থেকে একদল আসামিকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়। পরে ‘মুন্সীগঞ্জের সময়’ নামের একটি ফেসবুক পেজ থেকে ‘মুন্সীগঞ্জ কারাগারের সামনে প্রিজন ভ্যানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়লে অনেকে স্লোগানদাতাদের আটক কিশোর-যুবক বলে মনে করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করেন।

তবে এ বিষয়ে উপস্থিত স্বজনেরা প্রশ্ন তুলে বলেন, তাঁদের সন্তানরা কারাগারের ভেতরে রয়েছেন। তাঁরা প্রিজনভ্যানে আসবেন কীভাবে, আর স্লোগানই বা দেবেন কীভাবে? গতকাল শনিবারই তাদের প্রিজনভ্যানে করে কারাগারে আনা হয়েছে, আজ না।

পরে দুপুরে মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল-ফরহাদ জানান, আটক কিশোরেরা সবাই মুন্সিগঞ্জ জেলা কারাগারেই রয়েছেন। তাঁদের গতকাল আদালতের নির্দেশে এখানে এনে রাখা হয়েছে। আইন অনুযায়ী যেহেতু প্রাপ্তবয়স্কদের সাথে তাদের রাখা যায় না তাই এরকম সিদ্ধান্ত আসতে পারে। কিন্তু এখনো সিদ্ধান্ত না আসায় আমরা এখানেই রেখেছি।

এর আগে গত শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে মুন্সিগঞ্জ শহরের ধলেশ্বরী নদীর তীরবর্তী মোল্লারচর এলাকা থেকে ৩৫ কিশোরসহ ৩৭ জনকে আটক করা হয়। তিনটি ট্রলারে করে তাঁরা সেখানে নেমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয় লোকজন তাঁদের আটক করেন। এ সময় ঘটনাস্থলে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। আটক কয়েকজনকে লাঠি দিয়ে মারধর ও জুতাপেটা করার ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে।

খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের থানায় নিয়ে যায়। শুক্রবার রাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন গণমাধ্যমকর্মীদের জানিয়েছিলেন, আটক ব্যক্তিদের মিছিলে থাকার প্রমাণ পাওয়া যায়নি। মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হবে। তবে পরে পুলিশ জানায়, ধলেশ্বরী নদীতে অবস্থানরত একটি লাইটার জাহাজে উঠে কর্মসূচি পালনের উদ্দেশ্য ছিল তাঁদের। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে আটক ব্যক্তিদের ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ৩৫ কিশোরকে মুন্সিগঞ্জের শিশু আদালতে হাজির করা হলে বিচারক জাহানারা ফেরদৌস তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে, বাকি চারজনকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আইরীন আক্তারের আদালতে হাজির করা হয়। তাঁদের জামিন শুনানির জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে ৩৩ জনের বয়স ১৪ থেকে ১৭ বছর। বাকি চারজনের বয়স ১৮ থেকে ১৯ বছর। তবে আটক ব্যক্তিদের কয়েকজনের স্বজনদের দাবি, তাঁদের সন্তানদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা নেই। ছুটির দিনে ঘুরতে বের হয়ে তাঁরা পরিস্থিতির শিকার হয়েছেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ