শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ঢল নেমেছে। টানা নয় দিনের ছুটির প্রথম দিন আজ শুক্রবার সকাল থেকেই দক্ষিণ-পশ্চিমবঙ্গের ২৩টি জেলার প্রবেশদার শিমুলিয়া ঘাট দিয়ে হাজার হাজার মানুষ ফেরি, লঞ্চ ও সি-বোটে পাড়ি দিচ্ছেন পদ্মা নদী।
খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকে ঘাটে পারাপারের অপেক্ষায় ছিল দুই শতাধিক যানবাহন। এর মধ্যে ছোট প্রাইভেটকারের সংখ্যাই বেশি।
এদিকে, নদীতে স্রোত বেশি থাকায় ফেরি পারাপারে নির্দিষ্ট সময়ের থেকে ১৫-২০ মিনিট বেশি লাগছে বলে জানান শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, ‘১৭টি ফেরি দিয়ে সকাল থেকে দুই শতাধিক গাড়ি পার হয়েছে। আশা করছি, ঈদে মানুষ নির্বিঘ্নেই ঘরে ফিরতে পারবে।’
শিমুলিয়া ঘাটের ট্রাফিক পরিদর্শক মো. সোলেমান জানান, ‘বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী সমাগম বাড়ছে। ৭৭টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার হচ্ছে। অতিরিক্ত যাত্রী নিয়ে যাতে লঞ্চ চলাচল করতে না পারে, সে ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখছি।’










