মুন্সিগঞ্জে মরদেহ: ৩ দিন আগে অপহরণ হন জেলে, ৪০ হাজার টাকা না দেয়ায় খুন!
মুন্সিগঞ্জ, ২২ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মেঘনা নদীর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার খাগকান্দা নৌকা ঘাট থেকে গত ১৯ নভেম্বর বিকালে আরিফের (২২) নৌকাতে উঠেন ৩ ব্যক্তি। কৌশলে মাঝ নদীতে নিয়ে দেশীয় অস্ত্রের মুখে অপহৃত হন তিনি। পরে পরিবারের কাছে ৪০ হাজার টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা।
রাত পর্যন্ত সেই অর্থ পরিশোধ না করলে মোবাইল ফোন বন্ধ হয়ে যায় আরিফের।
আজ শনিবার (২২ নভেম্বর) বিকাল ৩টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা মেঘনা নদী থেকে কচুরিপানায় আটকে থাকা ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের গলায় রশি বাঁধা, অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি আরিফের বলে শনাক্ত করে পুলিশ।
নিহত আরিফ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা গ্রামের সরকার বাড়ির মৃত সাইজুদ্দিন সরকারের ছেলে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, খাগকান্দা নদীতে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতো নিহত যুবক। বাবা মারা যাওয়ার পর তিন সদস্যের পরিবারে ছেলেটি ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গত ৩ দিন আগে খাগকান্দা ঘাট থেকে বৈদ্যরবাজার ঘাটে যাওয়ার উদ্দেশ্যে তার নৌকায় যাত্রীবেসে উঠেছিল কয়েক। এরপর থেকে তার কোন হাদিস পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় নিহতের পরিবার নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় অপহরণের অভিযোগ এনে একটি মামলা করেছিলো।
সেই সূত্রে এসব তথ্য উদঘাটন করে পুলিশ।
ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নৌ পুলিশ মর্গে প্রেরণ করেছে। পূর্বের মামলায় হত্যার বিষয়টি উল্লেখ করে প্রতিবেদন দেয়া হবে। জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা চালাচ্ছে।









