মুন্সিগঞ্জে ব্যাংকে গিয়ে টাকা না পেয়ে মহাসড়ক অবরোধ গ্রাহকদের
132

মুন্সিগঞ্জ, ২১ অক্টোবর ২০২৪, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ন্যাশনাল ব্যাংক মুন্সিগঞ্জের গজারিয়া শাখায় টাকা না পেয়ে মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করেছেন গ্রাহকরা।

সোমবার বিকাল তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় মহাসড়কের উভয় লেনে অবস্থান নিয়ে শতাধিক গ্রাহক বিক্ষোভ প্রদর্শন করেন। এতে গজারিয়া অংশে অন্তত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

পরে বিকাল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উর্ধ্বতনরা ওই ব্যাংক গ্রাহকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন।

এসময় নাফিজ দেওয়ান, আবুল হোসেনসহ একাধিক ব্যাংক গ্রাহক অভিযোগ করে জানান, ন্যাশনাল ব্যাংক গজারিয়া শাখায় অ্যাকাউন্টে জমাকৃত টাকা তুলতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন তারা। ব্যাংক থেকে টাকা না দিয়ে বারবার তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে। দুই থেকে একদিন পর পর সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ব্যাংকে অপেক্ষা করে খালি হাতে বাড়ি যেতে হয়েছে অনেকের। তাছাড়া ব্যাংক ম্যানেজার স্বজনপ্রীতির মাধ্যমে কতিপয় লোকজনকে ব্যাংক বন্ধ হলে সন্ধ্যার সময় টাকা দেন। ব্যাংকের অন্যান্য সকল অফিসার ব্যাংকে এসে প্রবেশ গেট বন্ধ করে বসে থাকেন। দুই একজন মাঝেমধ্যে বলেন- দুই থেকে তিন মাস পর আপনাদের সমস্যা মিটে যাবে। প্রতিদিন শত শত গ্রাহক ব্যাংক প্রবেশ গেটে টাকা নেয়ার অপেক্ষায় থেকে খালি হাতে সন্ধায় বাড়ি ফিরে যান।

এ বিষয়ে ন্যাশনাল ব্যাংক গজারিয়া শাখার সহকারি ম্যানেজার মো. জাকির হোসেন বলেন, সকল প্রশ্নের উত্তর শাখা ম্যানাজার বলতে পারবে। তিনি এখন ব্যাংকের প্রধান কার্যালয় আছেন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, মহাসড়ক অবরোধের খবর পেয়ে আমরা গিয়ে গ্রাহকদের শান্ত করে যান চলাচল স্বাভাবিক করেছি।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ