মুন্সিগঞ্জে অভ্যুত্থানে আহত যোদ্ধা ও অটিজম শিশুদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প
মুন্সিগঞ্জ, ৭ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ পৌরসভার মুন্সিরহাট বাজারের আল-আমিন কমিউনিটি সেন্টারে গতকাল শনিবার সকালে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে নবগঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনশক্তি উন্নয়ন সংস্থা’।
‘জুলাই বিপ্লবের আহত যোদ্ধা ও অটিজম শিশুদের প্রতি সম্মান ও সেবা’- এই প্রতিপাদ্যে আয়োজিত ক্যাম্পে আহত যোদ্ধাদের চিকিৎসা, ঔষধ ও বিশেষজ্ঞ পরামর্শ দেওয়া হয়।
পাশাপাশি অটিজম শিশুদের জন্য বিশেষ চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মুন্সি সিরাজুল হক, মো. মহিউদ্দিন আহমেদ, মোহাম্মদ দেলোয়ার হোসেন ও মো. আয়নাল হক স্বপন।
সভাপতিত্ব করেন, জনশক্তি উন্নয়ন সংস্থার ফারজানা আক্তার।
ক্যাম্পে আহত যোদ্ধা ও অটিজম শিশুদের বিশেষ সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।
ব্যবস্থাপনায় ছিলেন ইঞ্জিনিয়ার ইব্রাহীম খান জীবন, জান্নাতুল ফেরদৌস জুথি, সুমাইয়া দেওয়ান, জুয়েল শেখ, রাউফুন মীম ও আজিজুল হক।
সহযোগিতা করে সিরাজদিখান ব্লাড ব্যাংক ও ডায়াবেটিস হাসপাতাল।
আয়োজকরা জানান, সমাজের অবহেলিত ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে থাকতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





