বিজয় দিবস ক্রিকেটে মুন্সিগঞ্জ সদর উপজেলা চ্যাম্পিয়ন
মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলার ছয়টি উপজেলার অংশগ্রহণে ‘বিজয় দিবস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১টার দিকে রিকাবী বাজার গ্রিন ওয়েলফেয়ার সেন্টার খেলার মাঠে সিরাজদিখান উপজেলা ও মুন্সিগঞ্জ সদর উপজেলার মধ্যে ফাইনাল খেলা শুরু হয়। টস জিতে সিরাজদিখান উপজেলা ১১৬ রানের টার্গেট দেয়। জবাবে ব্যাটিং করতে নেমে মুন্সিগঞ্জ সদর উপজেলা চার উইকেটে জিতে যায়।
খেলা শেষে মুন্সিগঞ্জ সদর উপজেলাকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিরা।
গত ৫ ডিসেম্বর থেকে এই খেলা শুরু হয়। খেলায় ম্যান অব দ্য টুর্নামেন্ট হন মুন্সিগঞ্জ সদরের সবুজ। ম্যান অব দ্য সিরিজ হন রোকন উদ্দিন হিমেল।
এ সময় জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সায়লা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হারুন অর রশীদ, মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম প্রমুখ।





