এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জে বাস-ট্রাক দুর্ঘটনায় নিহত ৪
মুন্সিগঞ্জ, ২৮ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে সংঘর্ষে যাত্রীবাহী বাসের ৪ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হন অন্তত ১৬ জন।
শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে হাঁসাড়া হাইওয়ে থানার বিপরীত পাশে সিংপাড়া আন্ডারপাসের সামনে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোর সদর উপজেলার জালাল উদ্দিন ও জিল্লুর রহমান এবং আব্দুল হালিম ও ট্রাকের হেলপার হাসিব।
শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বাসটি যশোরের নওয়াপাড়া থেকে ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাচ্ছিলো। নিহতরা সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী।
প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, যশোর থেকে ঢাকাগামী হামদান পরিবহনের একটি নাইট কোচ নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের পর উভয় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাঝখানের সড়কের রেলিংয়ের সঙ্গে আলাদাভাবে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকায় প্রেরণ করে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যায়। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় চার জনে। এ ঘটনায় ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পর হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী বাহিনী একযোগে কাজ করে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নেয়। কিছু সময় যান চলাচল বিঘ্নিত হলেও পরে তা স্বাভাবিক হয়।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটিকে সরিয়ে নেওয়া হয়েছে। বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে ট্রাকের হেলপার ও বাসের আরও এক যাত্রী মারা গেছেন বলে সংবাদ পেয়েছি। এই ঘটনার আরও ১৬ জন আহত হয়েছে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাস ও ট্রাকের চালক পালিয়ে গেছে।






