আমার বিক্রমপুরে সংবাদ প্রকাশের পর ইয়াজউদ্দিন কলেজ কমিটি স্থগিত করেছে ছাত্রদল
মুন্সিগঞ্জ, ২৭ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
‘প্রথমবারের মত রাজনৈতিক ছাত্র সংগঠনের কমিটি পেল ইয়াজউদ্দিন কলেজ’ শিরোনামে আমার বিক্রমপুরে সংবাদ প্রকাশের ২৪ ঘন্টা না পেরোতেই মুন্সিগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে কমিটি স্থগিতের ঘোষণা দিয়েছে ছাত্রদল।
সংবাদটি প্রকাশের পর ফেসবুকে এর প্রতিবাদ জানান প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও অন্যান্যরা। এর মধ্যে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত সাবেক শিক্ষার্থীরাও রয়েছেন।
আজ বুধবার (২৭ আগস্ট) জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. নিপু হোসেন স্বাক্ষরিত কমিটি স্থগিত সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাওয়া গেছে।
পরে এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাসেম কমিটি স্থগিতের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, যেহেতু কলেজটিতে সাংগঠনিকভাবে রাজনীতি নিষিদ্ধ রয়েছে তাই ওই কলেজের প্রিন্সিপালের অনুরোধে আপাতত কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে আমাদের ফোরামে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মুন্সিগঞ্জ জেলা শাখার অধীনস্থ, মুন্সিগঞ্জ সদর উপজেলাধীন প্রেসিডেন্ট প্রফেসর ডঃ ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ ছাত্রদলের কমিটি স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ প্রদান না করা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাসেম ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল আজ এই নির্দেশনা প্রদান করেন।









