হরমুজে মাইনের ধাক্কায় তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, জানাল বিপ্লবী গার্ড
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে মাইনের সঙ্গে ধাক্কা লেগে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এই তথ্য নিশ্চিত করেছে।
বিপ্লবী গার্ড জানিয়েছে, গতকাল এবং আজ মিলিয়ে মোট ছয়টি ট্যাংকারে মাইনের আঘাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। গত দুই সপ্তাহ ধরে হরমুজ প্রণালিতে প্রায় প্রতিদিনই তেলবাহী ট্যাংকার দুর্ঘটনার শিকার হচ্ছে।
তবে যুক্তরাষ্ট্র এবং আরব দেশগুলোর পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, বিপ্লবী গার্ড সরাসরি এসব ট্যাংকারে হামলা চালাচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওইদিনই হরমুজ প্রণালি বন্ধ করে দেয় বিপ্লবী গার্ড।
আগে এই রুট দিয়ে তেল ও পণ্যবাহী জাহাজ অবাধে চলাচল করলেও বর্তমানে তা বন্ধ রয়েছে। এর পরিবর্তে মার্কিন নৌবাহিনীর কড়া পাহাড়ায় তেল নিয়ে জাহাজগুলো হরমুজ পাড়ি দিচ্ছে, যা প্রায়ই ইরানিদের হামলার মুখে পড়ছে।
হরমুজ প্রণালি চালুর জন্য তেহরান বিভিন্ন শর্ত দিয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, এই রুটকে আগের অবস্থায় ফেরাতে হলে তাদের জব্দকৃত অর্থ ছাড়তে হবে, তেল নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং আন্তর্জাতিক বাজারে অবাধে ইরানি তেল যাওয়ার সুযোগ দিতে হবে।
বর্তমান পরিস্থিতিতে ইরানে যুক্তরাষ্ট্রের ওপর নতুন করে হামলার শঙ্কা তৈরি হয়েছে। এর জবাবে ইরান হুমকি দিয়ে বলেছে, যদি আবারও তাদের ওপর হামলা চালানো হয়, তবে সহজে যুদ্ধবিরতি হবে না এবং যতদিন প্রয়োজন ততদিন যুদ্ধ চলবে।









