১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৫:২৭
স্লিম মানুষের যেসব অভ্যাস রপ্ত করতে পারেন আপনিও
খবরটি শেয়ার করুন:
58

নিজের স্লিম বন্ধুবান্ধবদের দেখে দীর্ঘনিশ্বাস ছাড়েন অনেকেই। ডায়েট করে তাদের মতো ছিপছিপে হতে চান। কিন্তু আপনি কি জানেন, কিছু মানুষ কোনোরকম কষ্ট ছাড়াই স্লিম থাকেন জীবনের বেশিরভাগ সময়? এর পেছনে রয়েছে তাদের বেশ কিছু স্বাস্থ্যকর অভ্যাস। এ অভ্যাসগুলো চাইলেই রপ্ত করতে পারেন আপনিও। ডায়েট ছাড়াই ওজন কম রাখার উপায় হিসেবে এসব অভ্যাস চমৎকার কাজ করে।

১) একটানা স্থির থাকার অভ্যাস বর্জন করুন

লক্ষ্য করে দেখবেন স্লিম মানুষেরা বেশ ছটফটে হয়ে থাকেন। ক্রমাগত নড়াচড়া করেন তারা। এর ফলে নিজের অজান্তেই তারা প্রচুর ক্যালোরি ক্ষয় করে থাকেন। খুব ছোট এসব কাজ আপনিও করতে পারেন অনায়াসে। ফোনে কথা বলার সময়ে হাঁটাচলা করুন, কাজের ডেস্ক থেকে প্রতি ঘন্টায় একবার উঠে গিয়ে পানি পান করে আসুন, স্ট্রেচ করুন বা দূরে বসে থাকা কোনো সহকর্মীকে হাই-হ্যালো করে আসুন। এগুলো অভ্যাস হয়ে গেলে দেখবেন কতোটা ক্যালোরি ক্ষয় হয়ে যাচ্ছে।

২) মনোযোগ দিয়ে খাওয়া দাওয়া করুন

খাওয়ার সময়ে যদি হাতে থাকে ফোন অথবা সামনে থাকে ল্যাপটপ, তাহলে কাজ করতে করতে কখন যে অতিরিক্ত খাওয়া হয়ে যাচ্ছে বুঝতেও পারবেন না। এ কারণে খাওয়ায় দিন পূর্ণ মনোযোগ। এতে যেমন অতিরিক্ত খাওয়ার সম্ভাবনা কম তেমনি খাওয়ার পর তৃপ্তিটাও হবে বেশি। আর তৃপ্তি করে খেলে বারবার টুকটাক স্ন্যাক্স খেতেও ইচ্ছে কম হবে। ফলে আপনার ওজন বাড়ার সুযোগ পাবে না।

৩) রেস্টুরেন্টে অর্ডার করার সময় খাবারে পরিবর্তন আনুন

রেস্টুরেন্টে খাওয়ার সময়ে খাবার থেকে অতিরিক্ত চিজ কমিয়ে দেওয়া, অথবা একটু বেশি সালাদ নেওয়ার অর্ডার করতে অনেকেই লজ্জা পান, ভাবেন রেস্টুরেন্টের কর্মচারীদের কষ্ট হবে। আসলে কিন্তু আপনাকে সেবা দেওয়াটাই তাদের কাজ। তাই নিজের খাবারটিকে স্বাস্থ্যকর করে তুলতে তাদের সাহায্য নিতে পিছ-পা হবেন না।

৪) পড়ে থাকা খাবার খেয়ে নেবেন না

অনেক মায়ের বদঅভ্যাস আছে, বাচ্চাকে খাওয়াতে গিয়ে যেটুকু খাবার বাকি থাকে তা তিনি নিজেই খেয়ে ফেলেন নষ্ট হয়ে যাবে বলে। এটা কিন্তু খুব খারাপ অভ্যাস। ছোটবেলা থেকেই আমাদের বলা হয় খাবার নষ্ট করা ভালো না। এ কারণে আমরা অতিরিক্ত খেয়ে খেয়ে নিজের ক্ষতি করছি। খাবার নষ্ট করতে না চাইলে হিসেব করে রাঁধুন যাতে উচ্ছিষ্ট যথাসম্ভব কম থাকে। অথবা অতিরিক্ত খাবারটুকু ফ্রিজে রেখে দিন, পরদিন অভাবী কোনো মানুষকে দিয়ে দিন। আপনার চাইতে তার এই খাবারটুকু অনেক বেশি জরুরী।

৫) খেতে ইচ্ছে না করলে খাবেন না

অনেকেই বন্ধু বা সহকর্মীদের পাল্লায় পড়ে খেয়ে থাকেন এমন খাবার যা আসলে তার তেমন পছন্দ নয়। এ কাজটি স্লিম মানুষেরা পারতপক্ষে করেন না। তারা নিজেদের পছন্দের খাবারকেই প্রাধান্য দিয়ে থাকেন। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি রেস্টুরেন্টে এক টুকরো কেক অর্ডার করলেন। কিন্তু এক কামড় খেয়ে দেখলেন তা মোটেই ভালো নয়। এখন কি করবেন? টাকা খরচ হবে বলে তা খেয়ে নেবেন নাকি রেখে দেবেন? খেয়ে নিলে তো আর কিছু বলার নেই। কিন্তু খেতে না চাইলে আপনারই উপকার হবে। ভালো না লাগলে খাবেন কেন? বরং এটা প্যাকেট করে নিয়ে নিন, এমন কাউকে দিয়ে দিতে পারবেন যে এটা অনেক মজা করে খাবে।

মূল: 5 habits of naturally slim people you should steal- Cynthia Sass, MPH, RD. Fox News

 

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা