সোমবার সারাদিন ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না শ্রীনগর উপজেলায়
মুন্সিগঞ্জ, ১৫ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় আগামী ১৭ নভেম্বর (সোমবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শ্রীনগর গ্রীড উপকেন্দ্রে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের কারণে আট ঘণ্টার এই লোডশেডিং কার্যক্রম পরিচালনা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) অশোক কুমার দেব জানান, রক্ষণাবেক্ষণের জন্য শ্রীনগর উপজেলার আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজ শেষ হলে স্বাভাবিকভাবে বিদ্যুৎ ফিরে আসবে বলে জানান তিনি।
অশোক কুমার দেব আরও বলেন, পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমকে নিরবচ্ছিন্ন ও নিরাপদ রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণ জরুরি। এতে গ্রাহকদের সাময়িক ভোগান্তি হলেও দীর্ঘমেয়াদে এর সুফল মিলবে। এ কারণে তিনি সকলের সহযোগিতা ও ধৈর্যের অনুরোধ জানান।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেছে কর্তৃপক্ষ।


