২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:১৬
ভারত সীমান্তের কাছে মুন্সিগঞ্জের বৃদ্ধের মরদেহ উদ্ধার, সাথে ছিল ‘পুশব্যাক’ নোটিশ
খবরটি শেয়ার করুন:
459

মুন্সিগঞ্জ, ২৫ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা সংলগ্ন ভারত সীমান্তবর্তী এলাকা থেকে মুন্সিগঞ্জের এক ব্যক্তির রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি বাঁশ বাগান থেকে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম ইনসান খান (৫৮)। তার কাছে থাকা ভারতীয় কাগজপত্র অনুযায়ী, তিনি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকার মৃত ইয়াসিন খানের পুত্র।

স্থানীয় এলাকাবাসী জয়পুর সীমান্তের কাছে একটি বাঁশ বাগানে মরদেহটি গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে তাৎক্ষণিক বিজিবি ও পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলটি বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমানার প্রায় ৫০০-৭০০ গজ বাংলাদেশ ভূখণ্ডের অভ্যন্তরে হওয়ায় বিজিবির টহল দল দ্রুত সেখানে পৌঁছায় এবং এলাকাটি সুরক্ষিত করে। পরবর্তীতে বিজিবির সরাসরি সহায়তায় মুজিবনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিথর দেহটি গাছ থেকে নামিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

উদ্ধার প্রক্রিয়া শেষে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। বর্তমানে মরদেহটি মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের হেফাজতে রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিহতের লাশের পাশ থেকে ভারতের কেন্দ্রাপাড়া জেলার পুলিশ সুপার স্বাক্ষরিত একটি ‘ভারত ছাড়ার নোটিশ’ (Leave India Notice) উদ্ধার করা হয়েছে। এর মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে, নিহত ব্যক্তি মুন্সিগঞ্জের বাসিন্দা এবং সম্প্রতি ভারত থেকে পুশব্যাকের শিকার হয়েছিলেন।

মুজিবনগর থানা পুলিশ জানিয়েছে, বিজিবির সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং মুন্সিগঞ্জের সংশ্লিষ্ট থানায় সংবাদ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।

স্বজনদের মুজিবনগর থানার এই নাম্বারে যোগাযোগের জন্য বলা হয়েছে- ০১৩২০১৪৯২১৬